কেশবপুরে সমাজসেবা অফিসের ২০ লাখ টাকার ঋণ অনাদায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের সমাজসেবা অফিসের পল্লি মাতৃ কেন্দ্রের ঋণ তহবিলের ২০ লাখ টাকা ১৫ বছর ধরে অনাদায়ী রয়েছে। অভিযোগ রয়েছে, এই ঋণ কতিপয় কর্মকর্তা আর এলাকার প্রভাবশালী ব্যক্তি নামে-বেনামে উঠিয়ে জমা দেননি। সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, ১৯৯২-৯৩ অর্থবছরে কেশবপুর সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে উপজেলার ৬৪টি পল্লি মাতৃকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। উদ্দেশ্য ছিল ক্ষুদ্র ঋণের আওতায় দুস্থ ও অসহায় নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া এবং ঋণ সহায়তার মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করে তোলা। প্রশিক্ষণের মধ্যে ছিল সেলাই প্রশিক্ষণ, স্যানিটেশনের ওপর প্রশিক্ষণ, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক প্রশিক্ষণ, যৌতুকবিরোধী ও বাল্য বিবাহের ক্ষেত্রে সামাজিক আন্দোলন। কেশবপুর সমাজসেবা অফিস উপজেলার ৬৪টি পল্লি মাতৃ কেন্দ্রের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় ২০ লাখ টাকা ঋণ দেয়। কিন্তু কিছু রাজনৈতিক নেতা, সাংবাদিক, প্রভাবশালী লোক ও কর্মকর্তা-কর্মচারী মিলে দরিদ্রদের মধ্যে ঋণের টাকা বিতরণ না করে নিজেরা ভাগবাটোয়ারা করে নেন। যার অধিকাংশ টাকা দীর্ঘ ১৫ বছর ধরে অনাদায়ী রয়েছে। কেশবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুুল্লা আল মাসুদ বলেন, ১৯৯২-৯৩ অর্থবছরে কেশবপুর পল্লি মাতৃ কেন্দ্রের মাধ্যমে যে কয়েক লাখ টাকা ঋণ দেওয়া হয়েছিল, তার অধিকাংশ ছিল রাজনৈতিক প্রভাব দেখিয়ে নেওয়া। যার কারণে ওই ঋণের টাকা দীর্ঘদিন অনাদায়ী থেকে গেছে। কেউ টাকা দিচ্ছে না।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদা সুলতানা বলেন, ‘সমাজসেবা অফিস কোনো সহযোগিতা চায়নি, চাইলে তাদের সহায়তা দেব।’