কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
যশোরের কেশবপুর উপজেলায় যশোর-সাতক্ষীরা সড়কে আজ শনিবার ভোরে যাত্রীবাহী নসিমন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ফজলু আখন্দ (৬৫), হাফিজুর রহমান (৩৫), জাহাঙ্গীর আলম (৩০), আরিফ (৩৫), নওশের আলী (৬০) ও বিউটি (৩৫)। তাঁরা সবাই নসিমনের যাত্রী ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোর সাতটার দিকে কেশবপুর থেকে বালুভর্তি একটি ট্রাক সাতক্ষীরার দিকে যাচ্ছিল। যশোর-সাতক্ষীরা সড়কের আলতাপোল এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় নসিমনটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে হাফিজুর, ফজলু ও জাহাঙ্গীর নিহত হন। গুরুতর আহত আরিফ ও নওশেরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তাঁরা মারা যান। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হাসপাতালে নেওয়ার পথে বিউটি মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।