কেশবপুরে হাতুড়ি, অভয়নগরে গামছা বাহিনীর ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরমপন্থীদের নিয়ে যশোরের কেশবপুর ও অভয়নগর উপজেলার মানুষের আতঙ্ক অনেকাংশে কমেছে। কিন্তু কেশবপুরের মানুষের নতুন আতঙ্ক হাতুড়ি বাহিনী আর অভয়নগরবাসীর আতঙ্ক গামছা বাহিনী।হাতুড়ি বাহিনীর নেতৃত্বে আছেন কেশবপুর উপজেলা ছাত্রলীগের সদস্য শরিফুল ইসলাম। এ বাহিনীর সদস্যদের পকেটে থাকে হাতুড়ি। তারা লোকজনকে হাতুড়িপেটা করে বলে কেশবপুরবাসীর কাছে এরা হাতুড়ি বাহিনী হিসেবে পরিচিত। আর গামছা বাহিনীর প্রধান হলেন অভয়নগরের নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এ বাহিনীর সদস্যরা কাউকে মারধরের সময় হাতে-মাথায় গামছা বাঁধে।স্থানীয় লোকজন জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে হাতুড়ি বাহিনীর হামলার শিকার হয়েছেন অন্তত ২৯ জন। গামছা বাহিনীর মারধরের শিকার ব্যক্তির সংখ্যাও এর কাছাকাছি। এ দুই বাহিনীরই আয়ের প্রধান উৎস মাদকদ্রব্য ব্যবসার বখরা ও চাঁদাবাজি। দুই বাহিনীর প্রধানের বিরুদ্ধে মামলা রয়েছে চারটি করে। ভুক্তভোগী অনেকে মামলা করতে গেলে থানা মামলা নেয়নি—এমন অভিযোগও আছে।অভিযোগ রয়েছে, এ দুই বাহিনীকে মদদদাতাদের মধ্যে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা। এঁরা সরকারদলীয় স্থানীয় সাংসদ হুইপ শেখ আবদুল ওহাবের ঘনিষ্ঠ বলে পরিচিত।হাতুড়ি বাহিনী: কেশবপুরের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, হাতুড়ি বাহিনীর সদস্যসংখ্যা ২০-৩০ জন। এদের অধিকাংশই আগে ছাত্রদল করত। উঠতি এসব সন্ত্রাসীকে এখন যুবলীগ ও আওয়ামী লীগের মিছিলে দেখা যায়। এদের একত্র হতে দেখলেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়, দোকানপাট বন্ধ হয়ে যায়।কেশবপুর থানায় এ বাহিনীর প্রধানসহ অন্য সদস্যদের বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এ বাহিনীর দ্বিতীয় প্রধান যুবলীগের কর্মী আজিজুল ইসলামের বিরুদ্ধে রয়েছে চারটি মামলা।গত জুলাই মাসে শরিফুল কেশবপুর ডিগ্রি কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে এর প্রতিবাদ করেন ওই কলেজের ছাত্র শাহরিয়ার কবির। এর জের ধরে হাতুড়ি বাহিনীর সদস্যরা শাহরিয়ারকে হাতুড়ি দিয়ে পেটায়। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি।এর আগে মার্চে এই বাহিনীর হাতুড়িপেটার শিকার হন ঢাকায় বসবাসকারী আইনজীবী মফিজুর রহমান। ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে কেশবপুরে এসেছিলেন তিনি। সে সময় পরিবারের এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শরিফুলের নেতৃত্বে তাঁকে হাতুড়িপেটা করে কেশবপুর বাজারে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় করা মামলায় শরিফুল গ্রেপ্তার হলেও জুনে জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পরপর ২৭ জুন স্থানীয় চায়ের দোকানি খোরশেদ চায়ের দাম চাইলে তাঁকে হাতুড়িপেটা করে শরিফুলের বাহিনী। ইনকিলাব-এর কেশবপুর প্রতিনিধি রুহুল কুদ্দুস এ ঘটনার ছবি তুলতে গেলে তাঁকে হাতুড়িপেটা এবং তাঁর ক্যামেরা, মোটরসাইকেল ভাঙচুর করে হাতুড়ি বাহিনী।এপ্রিলে মাইকেল মধুসূদন দত্ত স্মরণে আয়োজিত মধুমেলা কর্তৃপক্ষ চাঁদা না দেওয়ায় এই বাহিনী মেলার প্যান্ডেলে ভাঙচুর করে। এ সময় ইউপি সদস্য আইয়ুব হোসেন, আবদুল খালেক, ফারুক হোসেনসহ ১৬ জনকে মারধর করা হয়।হাতুড়ি বাহিনীর প্রধান শরিফুল উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী। তিনি এ পর্যন্ত তিনবার গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্তি পান। তাঁর পক্ষে আইনজীবী ছিলেন কেশবপুর পৌরসভার গত নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মিলন মিত্র।মিলন মিত্র প্রথম আলোকে বলেন, ‘শরিফুল আমাদের দলের লোক এবং তাঁর বাড়ি আমার এলাকায়। তাই তাঁর পক্ষে আইনজীবী ছিলাম। তবে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ বেশি আসায় তাঁর পক্ষে মামলায় আর না লড়ার সিদ্ধান্ত নিয়েছি।’হুইপ আবদুল ওহাব বলেন, ‘হাতুড়ি বাহিনীর মদদদাতা কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমির হোসেনের শ্যালক বিপুল সিদ্দিকী। এ বাহিনীর সদস্যরা কাউকে মারধর করলে আমি সঙ্গে সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।’তবে আমির হোসেন বলেন, ‘বিপুল আমার শ্যালক হলেও সে বর্তমানে কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ-সমর্থিত নির্বাচিত কাউন্সিলর। হুইপের সঙ্গে বেশি ঘনিষ্ঠতার কারণে সে এলাকায় হাতুড়ি বাহিনীকে মদদ দিচ্ছে।’এদিকে শরিফুল ইসলাম বলেন, ‘আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী। তাই আমার বিরুদ্ধে দলের অনেকে শত্রুতা করছে। বর্তমান সরকারের আমলে তিনবার জেল খেটেছি। এর পরও আমি হুইপ সাহেব ও দলের পক্ষে কাজ করে যাব।’কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন বলেন, হাতুড়ি বাহিনীর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।গামছা বাহিনী: অভয়নগরে গজিয়ে ওঠা গামছা বাহিনীর সদস্য ২৫ থেকে ৩০ জন। এ বাহিনীকে অনেকে শিমুল বাহিনীও বলে। এ বাহিনীর দ্বিতীয় প্রধান ছাত্রদলের সাবেক কর্মী মনা পাটোয়ারী। অন্য সদস্যরাও একসময় ছাত্রদল করত। সাধারণত রাতে ও ভোরে ৮-১০টি মোটরসাইকেল নিয়ে এরা অভয়নগরের নওয়াপাড়া বাজারে মহড়া দেয়। সার ও খাদ্যপণ্যের অন্যতম বৃহত্তর পাইকারি বাজার নওয়াপাড়া। এখানকার ব্যবসায়ীদের অভিযোগ, গামছা বাহিনী তাঁদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেয়। এদের ভয়ে কয়েকজন ব্যবসায়ী নওয়াপাড়া ছেড়েছেন।স্থানীয় লোকজন জানান, শিমুল বর্তমানে অভয়নগরের তালতলায় থাকেন। নওয়াপাড়ায় তাঁর হয়ে চাঁদাবাজি ও মাদকের ব্যবসা দেখাশোনা করে তাঁর বাহিনীর সদস্যরা। এ বাহিনীর প্রশ্রয়ে উপজেলার প্রায় ৭০টি স্থানে ইয়াবা, হেরোইন, ফেনসিডিলের পাইকারি ও খুচরা দোকান গড়ে উঠেছে।অভয়নগর থানায় শিমুলের বিরুদ্ধে দুটি মামলা ও দুটি জিডি রয়েছে। এর মধ্যে একটি মামলা হয়েছে পুলিশকে মারধরের অভিযোগে। গামছা বাহিনীর হামলায় এসআই বাহাউদ্দিনসহ চার পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় গত বছরের ১৫ জুন শিমুলসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলা হয়। অভিযোগ রয়েছে, ২০০৯ সালের ডিসেম্বরে উপজেলার শংকরপাড়া খেয়াঘাটে সারে ভেজাল দেওয়ার সময় শিমুল পুলিশের হাতে আটক হলেও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের চাপে তাঁকে ছেড়ে দেওয়া হয়।অভিযোগ রয়েছে, মে মাসে নওয়াপাড়া স্বাধীনতা চত্বরে উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি নূর আলমকে শিমুলের নেতৃত্বে গামছা বাহিনী ছুরিকাঘাত ও মারধর করে। নওয়াপাড়া বস্তির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটে। তবে নূর আলম বলেন, ‘নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে শিমুলের নেতৃত্বে ছাত্রলীগের ছেলেরা আমাকে মারধর করে। থানায় মামলা দিতে গেলে পুলিশ নেয়নি।’অভয়নগর বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান অভিযোগ করেন, গত আড়াই বছরে তিনিসহ বিএনপির সাতজন নেতা-কর্মী শিমুল বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। মে মাসে নওয়াপাড়া বাজারে তাঁর হাত-পা ভেঙে দেয় গামছা বাহিনী। এ ঘটনায় শিমুলকে প্রধান আসামি করে মামলাও করা হয়।ফারাজি মতিয়ার প্রথম আলোকে বলেন, ‘গতবার কোনোমতে জানে বেঁচে গেছি। শিমুল জামিনে থাকায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই এ ব্যাপারে কিছু বলতে চাই না।’এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শিমুলের বাসায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।হুইপ আবদুল ওহাব বলেন, ‘মতিয়ারকে মারধরের ঘটনায় শিমুল উপস্থিত না থাকলেও আমার নির্দেশে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জামিনে বেরিয়ে এসে সে পলাতক। আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’অভয়নগর থানার ওসি আহসান হাবিব বলেন, দুটি মামলাতেই শিমুল জামিনে আছেন। তাই তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না।