কেশবপুরে ‘নীচু জাত’ বলে শবদাহে বাধা, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে ঋষি (মুচি) সম্প্রদায়ের এক ব্যক্তির সত্কার কাজে বাধা দেওয়ায় ওই সম্প্রদায়ভুক্ত লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ ঘটনার প্রতিবাদে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।জানা গেছে, উপজেলার শ্রীরামপুর গ্রামের আনন্দ দাস (৫০) গত বুধবার রাতে মারা যান। স্বজনেরা তাঁকে সত্কারের জন্য গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভালুকঘর শ্মশানে নিয়ে আসেন। শ্মশানের চিতায় কাঠ সাজিয়ে লাশ উঠিয়ে দিয়ে পোড়ানোর প্রস্তুতি নেওয়ার আগ মুহূর্তে শ্মশান কমিটির সভাপতি অজিত ঘোষ অন্যদের সঙ্গে নিয়ে এসে চিতায় লাশ তুলতে নিষেধ করেন। মৃত ব্যক্তির ছেলে সুভাষ দাস অভিযোগ করে বলেন, ‘শ্মশান কমিটির লোকেরা আমাদের অস্পৃশ্য ও ছোট জাত বলে ওই চিতায় পোড়ানো যাবে না বলে বাধা দেয়। তাঁরা নদীর ধারে দূরের একটি জায়গায় ঋষিদের জন্য আলাদা চিতা রয়েছে বলে জানান।’ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার ভালুকঘর শ্মশানে।ওই গ্রামের দীপঙ্কর দাস অভিযোগ করেন, ‘আমরা কমিটির কর্মকর্তা অসীম ভট্টাচার্যের পা জড়িয়ে ধরে অনুরোধ করলেও তিনি আমাদের কথা শোনেননি। তিনি বলেন, লাশ দাহ করলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ সুভাষ দাস অভিযোগ করেন, শ্মশান কমিটির লোকেরা চিতা থেকে কাঠ ফেলে দেয়। নেপাল দাস নামের একজন বলেন, ‘ওই শ্মশানের বিভিন্ন পূজা-পার্বণে আমরা চাঁদা দিই। আমরা ছোট জাত হলেও ওরা ঠিকই চাঁদা নেয়। কিন্তু লাশ দাহ করার সময় নিম্ন বর্ণের কথা বলে আমাদের অপমানিত করেছে।’গ্রামবাসী জানায়, সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত লাশ পোড়াতে বাধা দেওয়ার পর তারা পাঁচ কিলোমিটার দূরে বায়সা শ্মশানে এসে বেলা তিনটায় লাশ দাহ করা হয়।গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ত্রিমোহিনী মোড় চত্বরে দলিত পরিষদের উদ্যোগে বর্ণ বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভালুকঘর শ্মশান কমিটির সভাপতি অজিত ঘোষ শবদাহ করতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।