কেশবপুরের লোনাপানি ওঠানোয় ২ হাজার বিঘা জমির বোরো ধান নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার বেতিখোলা বিলে মাছের ঘেরে লোনাপানি ওঠানোর কারণে লবণাক্ততায় প্রায় দুই হাজার বিঘা জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুফলাকাটী ইউনিয়নের বৃহত্তম বিল বেতিখোলা। এই বিলে অসংখ্য ঘের রয়েছে। বিলটি বছরের আট মাস জলাবদ্ধ থাকে। কৃষকেরা প্রতিবছর জলাবদ্ধ পানি সেচ দিয়ে বোরো আবাদ করে থাকে। তাদের এই একটি ফসলের ওপর নির্ভর করে চলতে হয়। বছরের বাকি সময় এই বিলে মাছ চাষ হয়। অধিক লাভের আশায় ঘের মালিকেরা বাগদা চিংড়ি চাষের জন্য নদী থেকে লোনাপানি ওঠায়। সে কারণে মাটি লবণাক্ত হয়ে যাওয়ায় এবার বিলের বিস্তীর্ণ এলাকার বোরো ফসল নষ্ট হয়ে গেছে।সরেজমিনে দেখা গেছে, উত্তর বিলের খাল পার হয়ে বিস্তীর্ণ এলাকার ধান বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে। বেতিখোলা গ্রামের কৃষক আবদুল গনি জানান, তাঁর আড়াই কাঠা জমির ধান নষ্ট হয়ে গেছে। একই গ্রামের কৃষক জাকির হোসেন জানান, তাঁর এক বিঘা জমির ধান নষ্ট হয়েছে। এই ধান চাষ করতে তাঁর এ পর্যন্ত পাঁচ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, ঘের মালিকদের স্বেচ্ছাচারিতার কারণে লোনাপানি ঢুকিয়ে তাঁদের নিঃস্ব করে দেওয়া হলো। আলতাফ শেখ বলেন, ‘ছয় বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছিলাম। সবই নষ্ট হয়ে গেছে।’তাঁদের অভিযোগ, ঘের মালিক মাহাতাব মোল্যা, মাস্টার জহরুল, আজিজুর রহমান, আরিফ শেখ, সামছুর সানা, তারাপদ মিত্র, জাহাঙ্গীর ফকির ঘেরে লোনাপানি ঢুকিয়ে তাঁদের ফসল নষ্ট করে দিয়েছেন। ঘের মালিক আকবার হোসেন বলেন, ‘আমি ঘেরে লোনাপানি উঠাইনি। আইলায় নদীর পানি ওঠে মাটি লবণাক্ত হয়েছে।’ অপর ঘের মালিক মশিয়ার মোল্যা বলেন, ‘আমি লোনাপানি ঢুকাইনি। আমার ফসল লবণাক্ততায় নষ্ট হয়ে গেছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত মাঠ পরিদর্শন করেছি। লবণাক্ততার কারণে ফসল নষ্ট হয়ে গেছে। লবণাক্ততারোধে জমিতে সবসময় মিষ্টি পানি ধরে রাখার পরামর্শ দিয়েছি।’