কৈতুরী বেগম কাঁথা সেলাই করেন। বাসাবাড়ি থেকে বিবিসাবরা কাঁথার ফরমায়েশ দেন। সেই মতো কাঁথা সেলাই করে দেন। অনেকে ব্যবহার করা শাড়ি ও সুতা দেন। কৈতুরী বেগম ওগুলো দিয়েই কাঁথা তৈরি করে দেন। একটি কাঁথার জন্য মজুরি দেন ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকা। অনেকে নতুন কাপড় দিয়েও নকশিকাঁথা তৈরি করান। এ ধরনের পাতলা কাঁথা সারা বছর গায়ে দেয় মানুষ। এখন সেগুলো তৈরির কাজ চলছে বেশি। কৈতুরী বেগমের হাতে সাত-আটটা কাঁথা তৈরির কাজ চলছে।তিনি জানান, ঘুমানোর সময় বাদ দিয়ে সারা দিনই সেলাই করেন। কাঁথা সেলাই করে যা আয় হয়, তা দিয়ে পেট পুরে খেতে পারেন না। জিনিসপত্রের অনেক দাম। রামপুরা উলন রোডে একজনের ঘরের বারান্দায় কাঁথা সেলাই করেন। সেখানেই রাতে ঘুমান। যে ঘরের বারান্দায় থাকেন, সেই ঘরের সাহেব, বিবিসাব চাকরি করেন। তাঁদের দেড় বছরের বাচ্চাটা দেখাশোনা করে ১০ বছরের কাজের একটি মেয়ে। কৈতুরী বেগম বলেন, ‘ও একা পারে না। আমি ওই বাচ্চাডারে খাওয়াই, গোসল করাই। রান্নাবান্নায় সহযোগিতা করি। বিনিময়ে তাঁদের ঘরের বারান্দায় কাঁথা সেলাই করি আর ঘুমাই। তবে শীতের দিনে কষ্ট হয়।’ তিনি তাঁদের গ্যাসের চুলায় ভাত ও তরকারি রেঁধে নেন। তিন দিন গরম করে তা খান। এক বছর ধরে এই বাসায় থাকছেন।কৈতুরী বেগমের স্বামী-সন্তান আছে। স্বামী, ছেলে আর ছেলের বউ থাকে বাড্ডায়। ছেলের বউয়ের সঙ্গে কৈতুরী বেগমের বনিবনা হয় না। তিন বছর আগে ওই বাসা ছেড়ে চলে এসেছেন। প্রথম প্রথম বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেছেন, তারপর শুরু করেছেন সেলাইয়ের কাজ। তিনি বলেন, ‘আমার স্বামীটা সুবিধার লোক না। সে আমারে বিয়া করার পরও তিন-চারটা বিয়া করছে। এহন সেই বউগুলাও নাই। পুলাডারে আমি মাইনসের বাড়িতে কাম কইরা মানুষ করছি। ছেলে অহন বউয়ের কতায় নাচে। আমার জামাই সারা দিন বাদাম বেইচ্চা যা পায়, পোলার বউয়ের হাতে তুইল্লা দেয়। পোলা রিকশা চালায়। আমি অপেক্ষায় আছি, আমার জামাইরে কবে লাত্থি দিয়া বাইর করে পোলার বউ।’কৈতুরী বেগমের গ্রামের বাড়ি জামালপুরের কসবা গ্রামে। সেখানে তাঁর মেয়ে থাকে স্বামী নিয়ে। বছরে এক-দুবার যান। গ্রামের বাড়িতে গেলে ১০-১২ দিন থেকে আসেন।