কৈলাসটিলা ও হরিপুরে তেলের মজুদ সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রোবাংলা কৈলাসটিলা ও হরিপুরে অর্থনৈতিকভাবে লাভজনক তেলমজুদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপে আবিষ্কৃত ওই মজুদে উত্তোলনযোগ্য তেলের পরিমাণ পাঁচ কোটি ৫০ লাখ ব্যারেল। আজ রোববার পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর বাসসহোসেন মনসুর বলেন, পেট্রোবাংলা আনন্দের সঙ্গে জানাচ্ছে যে হরিপুর ও কৈলাসটিলায় লাভজনক তেলমজুদ আবিষ্কারের মাধ্যমে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাজোট সরকারের সময়েই তেল উত্তোলন হতে পারে উল্লেখ করে হোসেন মনসুর বলেন, উত্তোলনযোগ্য তেলের বাজারমূল্য দাঁড়াতে পারে ৪২ হাজার কোটি থেকে ৪৫ হাজার কোটি টাকা। তিনি বলেন, ‘বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড’ (বাপেক্স) কৈলাসটিলা ও হরিপুরে সফলভাবে ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ সম্পন্ন করে এবং এই দুটি গ্যাস ক্ষেত্রে প্রায় ১৩ কোটি ৭০ লাখ ব্যারেল তেল মজুদের সন্ধান পায়।পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, কৈলাসটিলা গ্যাসক্ষেত্রে পাঁচটি স্তরে প্রায় ১০ কোটি ৯০ লাখ ব্যারেল তেল মজুদ রয়েছে এবং এই মজুদের চার কোটি ৪০ লাখ ব্যারেল তেল উত্তোলনযোগ্য। হরিপুর গ্যাসক্ষেত্রে দুটি স্তরে একটিতে দুই কোটি ৮০ লাখ ব্যারেল এবং অন্য একটিতে এক কোটি ৬০ লাখ ব্যারেল তেল মজুদ রয়েছে।প্রথম স্তর থেকে এক কোটি ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন সম্ভব হতে পারে উল্লে¬খ করে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, দ্বিতীয় স্তরে উত্তোলনযোগ্য তেলমজুদ জানতে বাপেক্স একটি অনুসন্ধান কূপ খনন করবে।বাপেক্স কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রের প্রধান ১২টি স্তরের সাতটিতে গ্যাস, চারটি তেল এবং একটিতে তেল ও গ্যাস-মজুদের সন্ধান পেয়েছে। এই গ্যাস ক্ষেত্রে মোট গ্যাস মজুদ প্রায় এক হাজার ৭৪৮ বিসিএফ (বিলিয়ন ঘনফুট) এবং এর মধ্যে ১২২৪ বিসিএফ উত্তোলনযোগ্য। তিনি বলেন, বাপেক্স এই গ্যাস ক্ষেত্র থেকে ২০১২ সালে এপ্রিল পর্যন্ত ৫১৭ বিসিএফ উত্তোলন করেছে।হোসেন মনসুর বলেন, ‘আমরা কৈলাসটিলায় চারটি কূপ খননের প্রস্তাব দিয়েছি। এর একটি হবে অনুসন্ধান কূপ, তিনটি হবে উন্নয়ন কূপ। পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, হরিপুর গ্যাসক্ষেত্রের ছয়টি স্তর রয়েছে এবং এর চারটি স্তরে ৪৪৩ বিসিএফ গ্যাস মজুদ রয়েছে এবং একটি স্তরে দুটি কোটি ৮০ লাখ ব্যারেল তেলের মজুদ রয়েছে। অন্য একটি স্তরে সম্ভাব্য তেলমজুদ এক কোটি ৬০ লাখ ব্যারেল। তিনি জানান, ২০১২ সালের এপ্রিল পর্যন্ত ওই গ্যাস ক্ষেত্র থেকে বাপেক্স ১৯৬ বিসিএফ গ্যাস ও পাঁচ লাখ ৪৪ হাজার ব্যারেল তেল উত্তোলন করেছে। তিনি জানান, এই গ্যাস ক্ষেত্রে তিনটি কূপ খননের প্রস্তাব করা হয়েছে এবং এর একটি অনুসন্ধান কূপ ও অন্য দুটি উন্নয়ন কূপ।