তিন মিনিট সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন। অন্য দিনের মতো গতকাল মঙ্গলবার অমর একুশে গ্রন্থমেলার দ্বাদশ দিনেও মেলার দরজা খুলে দেওয়া হয় বিকেল তিনটায়। এরপর মেলায় প্রবেশ করতে থাকেন পাঠক ও দর্শনার্থীরা। বই দেখা ও কেনার ফাঁকে ফাঁকে তাঁরা নজর রাখছিলেন হাতে বাঁধা ঘড়ির দিকে। কেউ বা বারবার পকেট থেকে মুঠোফোন বের করে দেখছিলেন সময়। এমনই সময় মেলার তথ্যকেন্দ্রের সামনে থেকে ভেসে এল একটি ঘোষণা। বাংলা একাডেমীর উপপরিচালক (জনসংযোগ) মুর্শিদ আনোয়ার ঘোষণা দিলেন, ‘যে যেখানে থাকেন, বিকেল চারটা বাজতেই নিজ নিজ জায়গায় নীরব হয়ে দাঁড়িয়ে থাকবেন।’এভাবেই শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থানরত তরুণদের সঙ্গে একাত্মতা ঘোষণা করল অমর একুশে গ্রন্থমেলা। এ সময় মেলা চত্বরে কোকিলের ডাক ছাড়া আর কিছুই শোনা যায়নি। ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।’ বসন্ত যেমন ফুল ফোটার তোয়াক্কা করে না, কোকিলও তেমন বসন্ত আসার অপেক্ষা করে না। বইমেলায় কয়েক দিন ধরে কোকিলের ডাক শুনে বারবারই এ কথা মনে হয়েছে।বঙ্গাব্দের দিন-তারিখের হিসাবে বসন্ত না এলেও বসন্ত চলে এসেছে আরও কয়েক দিন আগে, শাহবাগে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত প্রজন্ম চত্বর প্রতিষ্ঠার মধ্য দিয়ে।তরুণদের এ দাবি নিয়ে কথা হলো সৈয়দ মনজুরুল ইসলাম ও লুৎফর রহমান রিটনের সঙ্গে। রিটন বললেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমরাও দীর্ঘদিন ধরে কথা বলে আসছি, যার ধারাবাহিকতায় এর বিচার হচ্ছে। তবে শাহবাগে সমবেত তরুণদের মতো এতটা জোরালোভাবে আগে আর এ দাবি উত্থাপিত হয়নি। এ তরুণদের আন্দোলন ঘুমন্ত জাতির চেতনাকে নাড়িয়ে দিয়েছে।’রিটনের এ পর্যন্ত মেলায় আসা বইয়ের সংখ্যা ছয়। বইগুলোর একটি এমপির গল্প মন্ত্রীর গল্প গতকালই মেলায় এসেছে রয়েল থেকে।সৈয়দ মনজুরুল ইসলামের এবারের তিনটি নতুন বইয়ের মধ্যে রয়েছে দুটি উপন্যাস, এর মধ্যে শকুনের ডানা অন্যপ্রকাশ ও দিনরাত্রিগুলি প্রথমা থেকে মেলায় এসেছে। প্রথমা প্রকাশনের আরেকটি বই হচ্ছে হুমায়ূন আহমেদ: যে ছিল এক মুগ্ধকর। হুমায়ূন আহমেদের সঙ্গে দীর্ঘ ৩০ বছর মিশেছেন এ বইয়ের লেখক শাকুর মজিদ। সেই অভিজ্ঞতা ধরা আছে এ বইয়ে।মেলার পরিচালনা কমিটির বৈঠকে ইতিমধ্যে পাইরেটেড বই বিক্রির দায়ে অভিযুক্ত স্টলগুলোকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হবে বলে জানালেন নীতিমালা বাস্তবায়ন কমিটির সদস্য সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ। তিনি বলেন, বৈঠকে বাংলা একাডেমীর মহাপরিচালক প্রবাসী লেখকদের বইয়ের স্টল ‘পরবাসী’ আজ বুধবার থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। নতুন বই: একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের তথ্যানুযায়ী, গতকাল মেলায় ১০৮টি নতুন বই এসেছে। সরদার ফজলুল করিমের স্মৃতি সমগ্র ১ মাওলা ব্রাদার্স, আহমদ রফিকের রবীন্দ্রচর্চা বাংলাদেশ অনিন্দ্য, নূরুদ্দিন জাহাঙ্গীরের মরণচাঁদের রবীন্দ্রনাথ আগামী, সৈয়দ শামসুল হকের প্রান্ত পর্যন্ত, শওকত হোসেন মাসুমের বাংলাদেশের অর্থনীতির পেছনের অনর্থনীতি নিয়ে কেলেঙ্কারির অর্থনীতি, বিশ্বজিৎ চৌধুরীর গল্পের বই স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প শুদ্ধস্বর, সেলিনা হোসেনের মর্গের নীল পাখি অক্ষর, সরকার আমিনের জীবনের মাছগুলি নন্দিতা প্রকাশ, আফরোজা অদিতির ভালোবাসায় অন্তরীণ অ্যাডর্ন, মোরশেদ শফিউল হাসানের বুলবুল চৌধুরী: তাঁর শিল্প অভিযান অক্ষর, মুস্তাফিজ শফির দহনের রাত ভাষাচিত্র, দন্ত্যস রওশনের শিশুকিশোর উপন্যাস নোটুর সেভেন্টি ওয়ান বিদ্যাপ্রকাশ, নোটুরা চারজন জাগৃতি মেলায় এনেছে।মেলামঞ্চে: মেলার মূলমঞ্চে ‘আলী আহমদ: পাণ্ডুলিপি সংগ্রাহক, গবেষক ও সম্পাদক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন দুলাল কান্তি ভৌমিক। আলোচনায় অংশগ্রহণ করেন মনিরুজ্জামান, আহমদ কবির, মুহম্মদ শাহজাহান মিয়া ও শান্তিরঞ্জন ভৌমিক। সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুল কাইউম। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বিকেল চারটায় মেলামঞ্চে কামরুদ্দীন আহমদকে নিয়ে আলোচনা অনুষ্ঠান রয়েছে।