আবারও কোকিলের ডাক শোনা গেল। বসন্ত তো কোকিলের ডাকাডাকিরই মৌসুম। তবে এবার বসন্ত হয়ে গেছে স্লোগানের, আন্দোলন-সংগ্রামের। স্লোগানের নিচে চাপা পড়ে গেছে বসন্তের দূত কোকিলের ডাকাডাকি। স্লোগানমুখর আন্দোলনের সঙ্গে যোগ হয়েছে বাংলা একাডেমী প্রাঙ্গণের বাইরে জমে ওঠা বারোয়ারি মেলার হট্টগোল। আন্দোলনকারীরা যথারীতি আছেন শাহবাগ চত্বরে। তবে অন্যদিনের মতো ভিড় ছিল না। ছিল না বারোয়ারি মেলার ভিড়।বৃষ্টিবিঘ্নিত গতকাল রোববার বিকেলে শাহবাগ থেকে টিএসসি মোড় হয়ে বাংলা একাডেমী প্রাঙ্গণে যেতে সোহরাওয়ার্দী উদ্যানের ওদিক থেকে ভেসে আসা কোকিলের ডাক শোনা গেল। বৃষ্টি উপেক্ষা করে উড়ে বেড়াচ্ছিল চিল। প্রকাশকেরাও বৃষ্টিতে জবুথবু হয়ে খোলা রেখেছেন মেলার স্টলগুলো।না, বৃষ্টি নিয়ে উৎকণ্ঠিত নন প্রকাশকেরা। প্রকাশকদের একজন বললেন, বৃষ্টিও নিয়ম করেই আসে প্রতি বসন্তে। তিনি বলেন, কোকিল যেন বৃষ্টি-বন্দনা করার জন্য একটু বেশিই ডাকাডাকি করছে।বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বললেন, ‘এই বৃষ্টিটা আমাদের কৃষির জন্য ভীষণ প্রয়োজনীয় ছিল।’ তিনি বললেন, বৃষ্টিতে মেলার একটু ক্ষতি হয়েছে, তবে প্রজন্ম চত্বরের তরুণদের আরও একটি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সুযোগও করে দিয়েছে। তিনি এই আন্দোলনের সঙ্গে বাংলা একাডেমীসহ লেখক-প্রকাশক-পাঠকের নিবিড় সম্পৃক্ততার বিষয়টি আবারও মনে করিয়ে দেন।এ সময় আরও উপস্থিত ছিলেন বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব শাহিদা খাতুন, বাংলা একাডেমীর সচিব মো. আলতাফ হোসেন ও উপপরিচালক (সমন্বয় ও জনসংযোগ) মুর্শিদ আনোয়ার।সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে ছিল বাংলা একাডেমীর সাবেক সভাপতি জাতীয় অধ্যাপক প্রয়াত কবীর চৌধুরীর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন। আলোকচিত্রী এম তাহেরের ক্যামেরায় বিভিন্ন সময়ে ধারণকৃত কবীর চৌধুরীর আলোকচিত্র নিয়ে ১২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী হাশেম খান, কবি বেলাল চৌধুরী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার প্রমুখ।নতুন বই: বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহকে নিয়ে তাঁর স্ত্রী আন মারি ওয়ালীউল্লাহর স্মৃতিচারণামূলক রচনা আমার স্বামী ওয়ালী মেলায় এনেছে প্রথমা প্রকাশন। এ বইটির ভূমিকায় আনিসুজ্জামান লিখেছেন, ‘আমাদের সাহিত্যের, আমাদের কালের, একজন বড় স্রষ্টাকে জানতে আন মারির এই বই সহায়ক হবে, এমনকি আমি বলব, অপরিহার্য বলে গণ্য হবে। ওয়ালীউল্লাহর প্রতিনিধিত্বমূলক সাহিত্যকর্ম সম্পর্কে—দুটি উপন্যাস ও একটি ছোটগল্পের বিষয়ে—নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে আন মারি যা বলেছেন, তা-ও বিশেষভাবে প্রণিধানযোগ্য।’পাঠক সমাবেশ থেকে মেলায় এসেছে রবীন্দ্রসমগ্র। বিশ্বভারতী প্রকাশিত রবীন্দ্র রচনাবলীর থেকে অতিরিক্ত আটটি খণ্ডে রবীন্দ্রনাথের প্রকাশিত সব বাংলা ও ইংরেজি লেখা রয়েছে পাঠক সমাবেশের এ সমগ্রে। মেলার আগে থাকতেই এ সমগ্রটির বিপণন শুরু হয়েছে এবং মেলায় ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। রবীন্দ্র রচনাবলীর ৩০ খণ্ড ঐতিহ্য সংস্করণের বিপণন কার্যক্রম ৬ ফেব্রুয়ারি থেকে শুরু করেছে ঐতিহ্য। ফেব্রুয়ারির মধ্যে পাঁচ হাজার টাকা আগাম দিয়ে অক্টোবরে বই সংগ্রহের সময় পাঠক পাবেন বিশেষ সুবিধা। গতকাল মেলায় এসেছে ৫৯টি নতুন বই। মেলায় আসা নতুন বইয়ের মধ্যে রয়েছে দ্বিজেন শর্মার প্রকৃতিসমগ্র ১ ও ২। এ বই দুটি এনেছে অনিন্দ্য প্রকাশ। নাসরীন জাহানের গল্পের বই নেচে ওঠে আদমের সাপ বেঙ্গল পাবলিকেশনস, উপন্যাস কানামাছি কোন স্বপ্নে ছুট অন্যপ্রকাশ মেলায় এনেছে। সুব্রত অগাস্টিন গোমেজের কবিতার বই আমাকে ধারণ করো অগ্নিপুচ্ছমেঘ আদর্শ, প্রশান্ত মৃধার উপন্যাস নদীর তৃতীয় তীর শুদ্ধস্বর, মোকারম হোসেনের বাংলার শত ফুল অন্যপ্রকাশ, মহিবুল আলমের গল্পের বই নদীবান ও কষ্টের পাঁচ আঙুল পাঠসূত্র, সুমনকুমার দাশ সম্পাদিত বাউলকোষ অন্বেষা, মোহাম্মদ নূরুল হকের কবিতার বই ফেরারি নিঃশ্বাস উৎস প্রকাশন, শামীম আল আমিনের ভ্রমণকাহিনি স্যান্ডি ইলেকশন আমেরিকা কথাপ্রকাশ, আসাদুজ্জামানের রঙে রঙে সুন্দর আমাদের ধরিত্রী সাহিত্যবিলাস, শাহনেওয়াজ আহমেদের দশ ক্লাস পেরিয়ে অনিন্দ্য প্রকাশ, শাকিলা তুবার কাব্যগ্রন্থ জেগে আছি দুই চোখ নন্দিতা প্রকাশ মেলায় এনেছে।মেলামঞ্চে: ‘আলাউদ্দিন আল আজাদের কবিতা: ব্যাপ্তি ও দীপ্তি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ পড়েন মুহম্মদ নুরুল হুদা। বেলাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করেন এস এম মহসীন, হাসান হাফিজ ও তারেক রেজা। পরে সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বিকেল চারটায় মেলামঞ্চে মোহাম্মদ মনিরুজ্জামানের ওপরে আলোচনা অনুষ্ঠান রয়েছে।