কোকো ও ফালুর কোম্পানি বিক্রি, কিনছে সালমানের বেক্সিমকো
ঢাকা-সাংহাই সিরামকিস নামে বহুল আলোচিত একটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করছে বেক্সিমকো লিমিটেড।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালুর সিংহভাগ বিনিয়োগে গঠিত কোম্পানি এই ঢাকা-সাংহাই সিরামিকস।এই কোম্পানিরই শতভাগ মালিকানা অধিগ্রহণ করছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো লিমিটেড। পুঁজিবাজারে এটিই এখন অন্যতম আলোচিত খবর।বেক্সিমকোর বোর্ডে এই সিদ্ধান্ত হওয়ার পর ইতিমধ্যে তা পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে। বোর্ডের এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ২৮ এপ্রিল বেক্সিমকো লিমিটেডের বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে।জানা গেছে, বেক্সিমকো লিমিটেডের ১০ টাকা মূল্যের ৯১ লাখ ৮৭ হাজার ৪৮৭টি নতুন সাধারণ শেয়ারের বিনিময়ে ঢাকা-সাংহাই সিরামিকসের শতভাগ অধিগ্রহণ করবে বেক্সিমকো লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্র অনুসারে, গতকাল বেক্সিমকোর প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৮৭ টাকা দরে লেনদেন হয়েছে। তাই বর্তমান বাজারদরে এই অধিগ্রহণের মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৩৫৬ কোটি টাকা। তবে সবকিছুই এখন নির্ভর করছে এসইসির অনুমোদনের ওপর। কোম্পানির একটি সূত্র জানায়, টাইলসের বাজার দ্রুত সম্প্রসারিত হওয়ায় কৌশলগতভাবে এ পদক্ষেপ নিয়েছে বেক্সিমকো।এ ব্যাপারে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, ‘এটা আমাদের কৌশলগত অধিগ্রহণ। শাইনপুকুর সিরামিকস শুধু টেবিলওয়্যার প্রস্তুত করে আর ঢাকা-সাংহাই সিরামিকস টাইলস প্রস্তুত করে। ভবিষ্যতে বেক্সিমকো স্যানিট্যারি-ওয়্যার উৎপাদনেও যাবে।’ঢাকা-সাংহাই সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লুত্ফর রহমান প্রথম আলোকে বলেন, যেকোনো ব্যবসা থেকে সরে আসার অধিকার সব উদ্যোক্তারই আছে। আর ভালো সময়ের জন্য সবাই অপেক্ষা করে। তিনি বলেন, বেক্সিকোর কাছ থেকে একটা বড় পরিমাণের শেয়ার পাওয়া গেছে। এটি একটি ভালো সুযোগ বলে মনে করেছেন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সব উদ্যোক্তা।ইতিমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের ওয়েবসাইটে মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে এটি প্রকাশ করেছে। তবে এই কোম্পানির মালিকানায় আরাফাত রহমান ও মোসাদ্দেক আলী থাকায় ইতিমধ্যে তা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।সালমান এফ রহমান প্রথম আলোকে জানান, প্রতিষ্ঠানটি অধিগ্রহণের পর ব্যবস্থাপনায় পুরোপুরি পরিবর্তন আনবেন তাঁরা এবং বেক্সিমকোর নিজস্ব ব্যবস্থাপনায় চলবে ঢাকা-সাংহাই সিরামিকস।প্রসঙ্গত, বাংলাদেশে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) পেছনে সাভারের শিমুলিয়ায় গোহাইলবাড়ীতে অবস্থিত ঢাকা-সাংহাই সিরামিকসের মূল মালিকানায় রয়েছেন মোসাদ্দেক আলী, আরাফাত রহমান ও মোহাম্মদ লুত্ফর রহমান। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে তাঁরা ছিলেন ব্যবসায়িক অংশীদার।যৌথ মূলধনি ও ফার্মসমূহের পরিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৪ সালে প্রতিষ্ঠানটি কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। এর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। তাঁদের তিনজনের নামেই চার হাজার ১৪০টি করে শেয়ার আছে। এ ছাড়া একজন চীনা নাগরিক এ উদ্যোগের সঙ্গে যুক্ত। সেই সময়ের কাগজপত্র অনুসারে কোম্পানিটির চেয়ারম্যান মোসাদ্দেক আলী এবং ভাইস চেয়ারম্যান আরাফাত রহমান। ২০০৬ প্রতিষ্ঠানটি তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।