কোকো ও সায়মনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ কোটি টাকা অর্থ পাচারের মামলায় আদালত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং ইসমাইল হোসেন ওরফে সায়মনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। ইসমাইলহোসেন বিএনপির সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত লে. কর্নেল আকবর হোসেনের ছেলে।সিমেন্স বাংলাদেশকে কাজ পাইয়ে দেওয়ার ঘুষের অর্থ বিদেশে লেনদেনের অভিযোগে গত বছরের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করেছিল। আরাফাত রহমান কোকোর আইনজীবীরা আজ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। তবে মামলার শুরু থেকেই ইসমাইল হোসেন পলাতক রয়েছেন। প্রসঙ্গত, ২০০৯ সালের ১৭ মার্চ দুদকের করা মামলায় কোকোকে আসামি করা হয়েছিল। একই বছরের ১২ নভেম্বর কোকো ও সায়মনের বিরুদ্ধে সিঙ্গাপুরে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৩ সিঙ্গাপুর ডলার এবং নয় লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার (সে সময়ের বাজারদর অনুযায়ী ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা) অবৈধ লেনদেনের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দেয় দুদক।