কোকো ও সায়মনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ দুজনের বিরুদ্ধে বিদেশে অর্থের অবৈধ লেনদেনের অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। অপরজন হলেন সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সায়মন। বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন গতকাল মঙ্গলবার এই অভিযোগ গঠন করেন।আদালত সূত্র জানায়, গতকাল ছিল আসামিদের উপস্থিতির এবং অভিযোগ গঠনের ধার্য দিন। আসামিরা হাজির না হওয়ায় আদালত তাঁদের অনুপস্থিতিতে অভিযোগ গঠন করেন এবং আগামী ১ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। কোকো বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন বলে জানা যায়। সায়মন মামলা দায়েরের পর থেকে পলাতক।সূত্র জানায়, সিমেন্স বাংলাদেশকে কাজ পাইয়ে দিতে নেওয়া ঘুষের অর্থ বিদেশে অবৈধ লেনদেনের অভিযোগে গত বছরের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে। একই বছরের ১২ নভেম্বর কোকো ও সায়মনের বিরুদ্ধে সিঙ্গাপুরে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৩ সিঙ্গাপুর ডলার এবং নয় লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার (তৎকালীন মুদ্রা বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা) অবৈধ লেনদেনের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দেয় দুদক। কোকোকে সহযোগিতা করার অভিযোগে সায়মনকে আসামি করা হয়।সূত্র জানায়, কোকোর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের জন্য গতকাল তাঁর আইনজীবী মহসিন মিয়া আদালতে আবেদন করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ সময় আদালতকে বলেন, ওকালতনামা ছাড়া একজন পলাতক আসামির পক্ষে এ ধরনের আবেদন করা যায় না। যেহেতু আসামিরা পলাতক তাই তাঁদের পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করা হোক। আসামির অনুপস্থিতিতে বিচারকাজ চলতে আইনগত কোনো বাধা নেই।শুনানিশেষে আদালত কোকোর পক্ষে করা আবেদন নাকচ করে দেন।প্রসঙ্গত, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় কোকো গ্রেপ্তার হন। ২০০৮ সালের মে মাসে তিনি সরকারের নির্বাহী আদেশে প্যারোলে (সাময়িক মুক্তি) চিকিৎসার জন্য বিদেশে যান। এরপর কয়েক দফায় সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। মেয়াদ বাড়ানোর আবেদন না করায় চলতি বছরের ১৯ আগস্ট প্যারোল বাতিল করে তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরতে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদালত ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।