২০ কোটি টাকা অর্থ পাচারের মামলায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুদকের উপপরিচালক মো. আবু সাঈদ। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ করা হবে ১৯ জানুয়ারি। বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন আজ মঙ্গলবার এ তারিখ ধার্য করেন।গত ৩০ নভেম্বর আরাফাত রহমান কোকো এবং ইসমাইল হোসেন ওরফে সায়মনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।অর্থের এই অবৈধ লেনদেনের ঘটনায় কোকোকে সহযোগিতা করায় বিএনপির সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত লে. কর্নেল আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সায়মনকেও আসামি করা হয়। সায়মন মামলা দায়েরের পর থেকেই পলাতক।২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে (প্যারোলে মুক্তি) কোকো বিদেশে চিকিত্সা করাতে যান। সম্প্রতি সরকার কোকোর প্যারোলে মুক্তির আদেশ বাতিল করে দেওয়ায় আদালত কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত তাঁদের অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু করেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ১৯ আগস্ট কোকোর সাময়িক মুক্তি বাতিল করে দেশে ফিরতে একটি চিঠি দেয়।আদালত সূত্র জানায়, সিমেন্স বাংলাদেশকে কাজ পাইয়ে দেওয়ার ঘুষের অর্থ বিদেশে লেনদেনের অভিযোগে গত বছরের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা করেছিল।প্রসঙ্গত, ২০০৯ সালের ১৭ মার্চ দুদকের করা মামলায় কোকোকে আসামি করা হয়েছিল। একই বছরের ১২ নভেম্বর কোকো ও সায়মনের বিরুদ্ধে সিঙ্গাপুরে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৩ সিঙ্গাপুর ডলার এবং নয় লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার (সে সময়ের বাজারদর অনুযায়ী ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা) অবৈধ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ আইনে দুদক অভিযোগপত্র দেয় ।