কোকো মুক্তির শর্ত ভঙ্গ করেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলে মুক্তি বাতিল করার বিষয়টি উদ্দেশ্যমূলক মনে করছে বিএনপি।কোকোর আইনজীবীরা দাবি করেছেন, কোকো প্যারোলে মুক্তির কোনো শর্ত ভঙ্গ করেননি। কেননা, এত দিন শর্ত ভঙ্গের কোনো নোটিশ সরকার দেয়নি। আইনজীবীরা বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন। তাঁরা আশা করেন, সরকার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবে।কোকোর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ১৭ জুলাই কোকো প্যারোলে মুক্তি পেয়ে চিকিত্সার জন্য বিদেশে যান। এরপর ১৭ বার প্যারোলে মুক্তির সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছে। সর্বশেষ এ মাসেই আবেদন করা হয়। পরে ৭ আগস্ট বিস্তারিত জানিয়ে সম্পূরক আবেদন করা হয়।মাহবুবউদ্দিন দাবি করেন, প্যারোলের শর্ত ভঙ্গ করা হয়নি। থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে সময় সময় সবকিছু অবহিত করা হয়েছে। দূতাবাসকে সবকিছু জানানো হয়নি—এ কথা ঠিক নয়। দূতাবাসের কর্মকর্তারা এসব জানেন। তিনি বলেন, কোকো এখন একটি হাসপাতালের কাছে বাসা ভাড়া করে থাকেন। সপ্তাহে তাঁকে তিন দিন হাসপাতালে থাকতে হয়। কখনো কখনো এক দিনে ৪৭টি ইনজেকশন নিতে হয়। এ অবস্থায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হলে জীবন সংকটাপন্ন হয়ে পড়বে।কোনোর এই আইনজীবী বলেন, বিষয়টি আইনগত। তাই আইনগতভাবে মোকাবিলা করা হবে। যদি প্যারোলের আবেদনের জন্য অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হয়, তাহলে সরকার চাইলে তা দেওয়া হবে। তিনি দাবি করেন, চিকিত্সা সনদ দেওয়ার কোনো শর্ত ছিল না। এ জন্য সেটা দেওয়া হয়নি।কোকোর আরেক আইনজীবী প্রথম আলোকে বলেন, সম্ভবত কোকোর প্যারোলে মুক্তির সময় বাড়ানোর কাগজপত্র এখনো মন্ত্রণালয়ে পৌঁছায়নি। সেটা হয়ে থাকলে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সে ক্ষেত্রে কাগজপত্র পৌঁছালে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে তিনি বলেন, কাগজপত্র মন্ত্রণালয়ে পৌঁছানোর পরও যদি সময় বাড়ানো না হয়, তাহলে তা হবে সরকারের উদ্দেশ্যমূলক আচরণ।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, কোকোর সাময়িক মুক্তির মেয়াদ না বাড়ানো সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির অংশ।