কোকো-সায়মনের অর্থ পাচার মামলায় সাক্ষ্য দিলেন আরও দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ কোটি টাকা অর্থ পাচার মামলায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা মামলায় আজ মঙ্গলবার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খায়রুজ্জামান লবী।ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন আজ এ দুজনের সাক্ষ্য নিয়ে করে আগামী ২৮ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।এ নিয়ে এ মামলায় বাদীসহ পাঁচজন সাক্ষ্য দিয়েছেন।গত ৪ জানুয়ারি মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আবু সাঈদের সাক্ষ্য নেওয়ার মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়েছিল। গত বছরের ৩০ নভেম্বর আরাফাত রহমান কোকো এবং ইসমাইল হোসেন ওরফে সায়মনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।আদালত সূত্র জানায়, সিমেন্স বাংলাদেশকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষের অর্থ বিদেশে লেনদেনের অভিযোগে গত বছরের ১৭ মার্চ দুদক মামলাটি দায়ের করে।২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে (প্যারোলে মুক্তি) কোকো বিদেশে চিকিত্সা করাতে যান। সম্প্রতি সরকার কোকোর প্যারোলে মুক্তির আদেশ বাতিল করে দেওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।এর পরও কোকো আদালতে আত্মসমর্পণ না করায় আদালত তাঁর অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ১৯ আগস্ট কোকোর সাময়িক মুক্তি বাতিল করে দেশে ফিরতে চিঠি দেয়।অর্থের অবৈধ লেনদেনের ঘটনায় কোকোকে সহযোগিতা করায় বিএনপির সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সায়মনকেও আসামি করা হয়। সায়মন মামলা দায়েরের পর থেকেই পলাতক। আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত তাঁদের অনুপস্থিতিতে সাক্ষ্য নেওয়া শুরু করেন।প্রসঙ্গত, ২০০৯ সালের ১৭ মার্চ দুদকের করা মামলায় কোকোকে আসামি করা হয়েছিল। একই বছরের ১২ নভেম্বর কোকো ও সায়মনের বিরুদ্ধে সিঙ্গাপুরে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৩ সিঙ্গাপুর ডলার এবং নয় লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার (সে সময়ের বাজারদর অনুযায়ী ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা) অবৈধ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলায় অভিযোগপত্র দেয় দুদক।