কোকোকে দেশে ফিরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (প্যারোল) মেয়াদ বৃদ্ধি করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল বুধবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।প্যারোল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে কোকোর পক্ষে করা রিটের ওপর ১১ অক্টোবর রায় দেন হাইকোর্ট। রায়ে কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরও ২০ দিন বাড়িয়ে রুল নিষ্পত্তি করেন আদালত। কোকোর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দিয়ে প্যারোলের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হলে, সরকার বিষয়টি বিবেচনা করতে পারে বলে আদালত অভিমত দেন। হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ ১২ অক্টোবর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বিষয়টি ১৩ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। শুনানি শেষে আপিল বিভাগ এই আদেশ দেন। আদেশ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ে কোকোর প্যারোলের মেয়াদ ২০ দিন বৃদ্ধি করা হয়। এ রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ফলে ২০ দিন মেয়াদ বৃদ্ধির কার্যকারিতা নেই। তাঁর দেশে ফিরে আসা ছাড়া গত্যন্তর নেই।তবে কোকোর আইনজীবী মাহবুবউদ্দিন বলেন, ‘আপিল বিভাগ তাঁকে দেশে ফিরে আসতে বলেননি। আপিল বিভাগে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব।’উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় কোকোকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের মে মাসে তাঁকে প্যারোল দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়। দফায় দফায় তাঁর প্যারোলের মেয়াদ বাড়ানো হয়। এভাবে সর্বশেষ মেয়াদ শেষ হয় চলতি বছরের ১৪ আগস্ট। গত ১৯ আগস্ট কোকোর প্যারোল বাতিল করে তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কোকোর পক্ষে রিট করা হয়।