কোকোকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক।এ মামলায় আজ রোববার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।আজকের জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামি পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।২০১০ সালের ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, কোকো আয়কর বিবরণীতে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন ও এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন, যা ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।অন্যদিকে আজ একই আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগপত্র গ্রহণযোগ্যতার শুনানির কথা থাকলেও তা হয়নি। আসামিপক্ষের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২৮ আগস্ট আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেন।সময়ের আবেদনে বলা হয়, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নিরাপত্তাহীনতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। তাই সময়ের প্রয়োজন। এর আগেও এ মামলার অভিযোগপত্র গ্রহণযোগ্যতার শুনানির জন্য চারবার সময় নেওয়া হয়।