কোকোকে ১৩ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচারের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে আগামী ১৩ মে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ এন এম বশিরউল্লাহ এ আদেশ দেন। একই সঙ্গে মামলার অপর আসামি সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য গুলশান থানা ও কুমিল্লা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও আবার নির্দেশ দেওয়া হয়েছে।তবে আয়কর ফাঁকির মামলায় আরাফাত রহমান কোকোকে সময় দিয়েছেন আদালত। কারণ, তিনি চিকিত্সার জন্য সরকারের অনুমতি নিয়ে দীর্ঘদিন দেশের বাইরে রয়েছেন। তাই তাঁর পক্ষে এ মামলায় সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।কোকোর বিরুদ্ধে দুর্নীতির মামলা: দুদক গত বছরের ১৭ মার্চ কোকোকে আসামি করে অর্থ পাচারের ওই মামলা করে। দুদক তদন্ত করে গত ১২ নভেম্বর কোকো ও সায়মনের বিরুদ্ধে সিঙ্গাপুরে ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা পাচারের অভিযোগে মানিলন্ডারিং আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে সায়মনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত অভিযোগপত্র গ্রহণ করে সায়মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কোকোর আয়কর মামলা: আয়কর বিবরণীতে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন এবং এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দেওয়ার অভিযোগে এনবিআরের উপকর কমিশনার শাহীন আক্তার হোসেন গতকাল এ মামলা দায়ের করেন। তাঁর বিরুদ্ধে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় অভিযোগ আনা হয়। মামলায় অভিযোগ করা হয়, আরাফাত রহমান কোকো সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর ছেলে হওয়া সত্ত্বেও দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে আরাফাত রহমান তাঁর প্রকৃত আয় গোপন করে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছেন। আসামি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েও আয়কর বিবরণীতে সম্পদের তথ্য গোপন করে আয়কর ফাঁকি দিয়েছেন।বাবরের আয়কর ফাঁকির মামলা: দুই কোটি ৫৬ লাখ টাকার আয়কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি এবং জামিন চেয়ে অাজ পৃথক দুটি আবেদন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর। একই সঙ্গে মামলার অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেছেন তাঁর আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোয়াজ্জেম হোসেন ১১ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।