কোকোর অর্থ পাচার ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা অর্থ পাচার মামলার শুনানি আজ বুধবারও অনুষ্ঠিত হয়নি। আজ শুনানির জন্য দিন ধার্য থাকলেও জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতির মামলার শুনানিও হয়নি। আজ ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন কোকোর বিরুদ্ধে করা অর্থ পাচার মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ অক্টোবর ধার্য করেছেন। একই আদালত আগামী ১৪ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। কোকোর পাচার করা অর্থ ফেরত আনার আবেদন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী। আজ এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির নতুন দিন ধার্য করেন আদালত। দুর্নীতি দমন কমিশন-দুদক গত বছর ১৭ মার্চ কোকোকে আসামি করে অর্থ পাচারের ওই মামলা করে। দুদক তদন্ত করে গত ১২ নভেম্বর কোকো ও সায়মনের বিরুদ্ধে ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দেয়।