কোকোর অর্থ ফেরতের আদেশ দিয়েছেন সিঙ্গাপুরের আদালত
সিঙ্গাপুরে রাখা আরাফাত রহমান কোকোর অর্থ বাংলাদেশে ফেরতের আদেশ দিয়েছেন সে দেশের একটি আদালত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর অর্থের ব্যাপারে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে সিঙ্গাপুরের আদালত এ আদেশ দেন।তথ্যের সত্যতা নিশ্চিত করে আজ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলো ডটকমকে বলেন, আরাফাত রহমান কোকোর অর্থ পুনরুদ্ধারে সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অনুরোধ করা হয়েছিল। এ ব্যাপারে একটি আবেদনের শুনানি শেষে ওই দেশের অধস্তন আদালত কোকোর অর্থ বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন।আরাফাত রহমান কাকোর অর্থের পরিমাণ কত—এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, প্রায় আট কোটি টাকার মতো। সূত্র জানায়, সিঙ্গাপুরের ফেয়ারহিল কনসালন্টিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কাছে কোকোর নামে এই অর্থ গচ্ছিত রয়েছে।২০১১ সালের ২৩ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আরাফাত রহমান কোকো ও ইসমাইল হোসেন ওরফে সায়মনকে ছয় বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সায়মন সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে। একই সঙ্গে আদালত তাঁদের প্রত্যেককে ৩৮ কোটি ৮৩ লাখ টাকা করে জরিমানা ও বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি (প্যারোল) পেয়ে কোকো বিদেশে চিকিত্সা করাতে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১০ সালের ১৯ আগস্ট কোকোর সাময়িক মুক্তি বাতিল করে দেশে ফিরতে চিঠি দেয়। এরপর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু কোকো আত্মসমর্পণ না করায় আদালত তাঁর অনুপস্থিতিতেই ২০১১ সালের ৪ জানুয়ারি বিচারকাজ শুরু করেন। ওই বছরের ২৩ জুন মামলার রায় ঘোষণা করা হয়।আদালত সূত্র জানায়, সিমেন্স বাংলাদেশকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে নেওয়া ঘুষের অর্থ বিদেশে লেনদেনের অভিযোগে ২০০৯ সালের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা করে। কোকো ও সায়মনের বিরুদ্ধে সিঙ্গাপুরে ২৮ লাখ ৮৪ হাজার সিঙ্গাপুর ডলার এবং নয় লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার (সে সময়ের বাজারদর অনুযায়ী ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা) অবৈধ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ আইনে একই বছরের ১২ নভেম্বর অভিযোগপত্র দেয় দুদক।