কোকোর অর্থপাচার মামলা: সাক্ষ্য দিলেন আরও দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা অর্থপাচার মামলায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন সাক্ষ্যগ্রহণ শেষে ১৯ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।আজ জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার আলী ও জনৈক ব্যবসায়ী আদনানুল ইসলামসহ এ নিয়ে এ মামলায় মোট ১২ জন সাক্ষ্য দিলেন।২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে (প্যারোলে মুক্তি) কোকো বিদেশে চিকিত্সা করাতে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছর ১৯ আগস্ট কোকোর সাময়িক মুক্তি বাতিল করে দেশে ফিরতে চিঠি দেয়।মন্ত্রণালয় থেকে কোকোর প্যারোলে মুক্তির আদেশ বাতিল করে দেওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পরও কোকো আদালতে আত্মসমর্পণ না করায় আদালত তাঁর অনুপস্থিতিতেই গত ৪ জানুয়ারি বিচারকাজ শুরু করেন।অর্থের অবৈধ লেনদেনে কোকোকে সহযোগিতা করায় সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত লে. কর্নেল আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সায়মনকেও আসামি করা হয়। সায়মন মামলা দায়েরের পর থেকে পলাতক।