কোকোর অর্থপাচার মামলার রায় ২৩ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে ২৩ জুন। আজ রোববার এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক মোজাম্মেল হোসেন রায় ঘোষণার এ দিন ধার্য করেন। কোকোর বিরুদ্ধে করা মামলাগুলোর মধ্যে এই মামলাটিরই প্রথম রায় ঘোষণা করা হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কৌঁসুলি আনিসুল হক যুক্তিতর্ক শুনানি করেন। তাঁকে শুনানিকাজে সহায়তা করেন মোশারফ হোসেন ও শেখ বাহারুল ইসলাম। ২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি (প্যারোল) পেয়ে কোকো বিদেশে চিকিত্সা করাতে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছর ১৯ আগস্ট কোকোর সাময়িক মুক্তি বাতিল করে দেশে ফিরতে চিঠি দেয়। এরপর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু কোকো আদালতে আত্মসমর্পণ না করায় আদালত তাঁর অনুপস্থিতিতেই গত ৪ জানুয়ারি বিচারকাজ শুরু করেন।অর্থের অবৈধ লেনদেনে কোকোকে সহযোগিতা করায় সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সায়মনকেও আসামি করা হয়। সায়মন মামলার পর থেকে পলাতক।আদালত সূত্র জানায়, সিমেন্স বাংলাদেশকে কাজ পাইয়ে দেওয়ার ঘুষের অর্থ বিদেশে লেনদেনের অভিযোগে ২০০৯ সালের ১৭ মার্চ দুদক এই মামলা করে। কোকো ও সায়মনের বিরুদ্ধে সিঙ্গাপুরে ২৮ লাখ ৮৪ হাজার সিঙ্গাপুর ডলার এবং নয় লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার (সে সময়ের বাজারদর অনুযায়ী ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা) অবৈধ লেনদেনের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ আইনে একই বছরের ১২ নভেম্বর অভিযোগপত্র দেয় দুদক। গত ১৫ জুন এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়।