কোকোর পাচার করা অর্থ দেশে এল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা ২০ লাখ ৪১ হাজার সিঙ্গাপুরি ডলার দেশে ফেরত এসেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।আজ বৃহস্পতিবার রাজধানীতে কমিশন কার্যালয়ের সামনে দুদকের চেয়ারম্যান অর্থ ফেরতের এ তথ্য সাংবাদিকদের জানান। খবর ইউএনবির।গোলাম রহমান বলেন, ‘পাচার করা অর্থ ফেরত আনতে দুদক সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখায় আগেই একটি হিসাব খুলেছিল। সিঙ্গাপুর কর্তৃপক্ষ আজ দুদকের ওই হিসাবে ২০ লাখ ৪১ হাজার সিঙ্গাপুরি ডলার পাঠিয়েছে। ওই টাকা এখন সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখায় রয়েছে। আরও ৯ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার ফেরত আনার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান দুদকের চেয়ারম্যান। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অবৈধভাবে বিদেশে টাকা পাচারের মামলায় আদালত আরাফাত রহমান কোকোকে ছয় বছরের কারাদণ্ড ও ৩৮ কোটি টাকা জরিমানা করেছেন।পাচার করা এই অর্থ ফেরত আনতে সিঙ্গাপুর সরকার, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় যৌথভাবে কাজ করেছে।