কোকোর পাচার করা টাকা জনকল্যাণে ব্যয় হবে
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা যে টাকা বিদেশ থেকে ফেরত আনা হয়েছে, তা জনকল্যাণে ব্যয় করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল বুধবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় আওয়ামী লীগ অয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে কীভাবে কালোটাকা বানান? আবার সেই টাকা কীভাবে জরিমানা দিয়ে সাদা করেন? তিনি ও তাঁর পুত্ররা যে দুর্নীতি করেছেন, এটাই তার প্রমাণ। ইতিমধ্যে আপনারা শুনেছেন, দেশের অর্থ-সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। আমরা সেই টাকা ফেরত নিয়ে এসেছি। জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে।’ তিনি আরও বলেন, ‘উনি (খালেদা জিয়া) বলেছেন, ওনার ছেলেরা নাকি ভীষণ সৎভাবে জীবন যাপন করে। কী রকম মিথ্যা কথা বলে, দেখেন। অবশ্য কথায় বলে না, চোরের মায়ের বড় গলা।’যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সত্তরে আওয়ামী লীগকে ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। ’৯৬-এ ভোট দিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ২০০৮-এর নির্বাচনে কথা দিয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করব। কথা রেখেছি। যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু হয়েছে।’ শেখ হাসিনা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘যতই জ্বালাও-পোড়াও, মানুষ খুন করেন, ওদের বাঁচাতে পারবেন না। ওদের বিচার বাংলার মাটিতে হবেই। যেভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা হয়েছে, সেভাবে যুদ্ধাপরাধীদেরও বিচার করা হবে।’শেখ হাসিনা বলেন, তাঁর সরকার গত চার বছরে চার লাখ লোককে সরকারি চাকরিসহ ৭৮ লাখ বেকারের কর্মসংস্থান করেছে। কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে ঋণ দেওয়া হচ্ছে। প্রত্যেকে যাতে আত্মনির্ভরশীল হয়, এ জন্য ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, কাজ করেছি। ভবিষ্যতে আরও কাজ করব। প্রত্যেকে খেয়ে-পরে সুখে-শান্তিতে থাকবে। ২০২১ সালের মধ্যে দেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করব।’ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে অয়োজিত এই জনসভায় আরও বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম।এর আগে গতকাল দুপুরে প্রধানমন্ত্রী ধনবাড়ীতে নবনির্মিত উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন এবং ধনবাড়ী মডেল থানার ভবন ও ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করেন।