কোকোর প্যারোলে মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (প্যারোল) মেয়াদ বাড়ানো হয়েছে। তাঁর প্যারোল বাতিল নিয়ে জারি করা রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মেয়াদ বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি কাজী রেজাউল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।কোকোর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, হাইকোর্ট আগে কোকোর প্যারোলে মুক্তির মেয়াদ ৪০ দিন পর্যন্ত বাড়িয়েছিলেন। আজ ছিল তার শেষ দিন। তাঁর প্যারোলে মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। গতকাল প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আপিল বিভাগ প্যারোল বাতিল প্রশ্নে দায়ের করা রিটের রুল এক সপ্তাহের মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন। প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় কোকোকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের মে মাসে তাঁকে প্যারোল দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়। এরপর দফায় দফায় তাঁর প্যারোলের মেয়াদ বাড়ানো হয়। এভাবে তাঁর প্যারোলের সর্বশেষ মেয়াদ শেষ হয় ১৪ আগস্ট। এরপর ১৯ আগস্ট কোকোর প্যারোল বাতিল করে তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কোকোর পক্ষে রিট আবেদন করা হলে ২৬ আগস্ট এক আদেশে হাইকোর্ট শর্তসাপক্ষে কোকোর প্যারোলের মেয়াদ ৪০ দিন বাড়ান। একই সঙ্গে তাঁর প্যারোল বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেন। হাইকোর্টের ওই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি এ ব্যাপারে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। আপিল বিভাগ গতকাল এক আদেশে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তি করার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেন। এ সময় পর্যন্ত সরকারের করা আবেদনটির শুনানি মুলতবি করা হয়।