কোকোর প্যারোলের বিষয়টি পুনর্বিবেচিত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলে (সাময়িক) মুক্তির সময় বাড়ানোর আবেদনটি পুনর্বিবেচনা করা হতে পারে। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোকোর সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আবেদন করা হয়েছে, সে চিঠিটি তিনি এখনো দেখেননি। চিঠিটি দেখার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।মন্ত্রী বলেন, কোকোর প্যারোলে মুক্তির মেয়াদ না বাড়ানোর বিষয়টি কোনোভাবেই রাজনৈতিকভাবে নেওয়া ঠিক হবে না। শর্ত ভঙ্গ করেছেন বলেই তাঁকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।প্রসঙ্গত, কোকোর সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে গতকাল শনিবার আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোকোর সাময়িক মুক্তির আদেশ বাতিল করে এবং তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে বলে। গত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় থেকে কোকো চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করছেন।