কোকোর প্যারোলের মেয়াদ বাড়ানোর ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, মানবিক দিক বিবেচেনা করে কোকোর সাময়িক মুক্তির (প্যারোল) মেয়াদ বাড়ানো হবে কি না, সে ব্যাপারে সরকার সিদ্ধান্ত দেবে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এ বিষয়ে আরও আলোচনার পরই সিদ্ধান্ত দেওয়া হবে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন একই বিষয়ে বলেন, কোকো মামলা থেকে রেহাই পেতে প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে সময় কাটাচ্ছেন। আমরা দীর্ঘদিন ভেবে আসছিলাম কোকো অসুস্থ। কিন্তু আমাদের কাছে এখন খবর আছে যে তিনি সুস্থ আছেন এবং বিভিন্ন দেশে ভ্রমণ করে বেড়াচ্ছেন। অন্যদিকে তাঁর আইনজীবী যে চিকিত্সা সনদ দিয়েছেন তা পুরোনো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাঁর দুটি ছেলেই অসুস্থ, তাঁর মা কেমন করে গত দুই বছর ধরে ছেলেদের না দেখে আছেন? পুরো ঘটনায় বোঝা যাচ্ছে, কোকো সুস্থ আছেন, তাই তাঁর দেশে ফিরে আসা উচিত। ২১ আগস্ট কোকোর সাময়িক মুক্তির মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানিয়ে আবার আবেদন করা হয়। ওই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কোকোর একজন আইনজীবী এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোকোর সাময়িক মুক্তির আদেশ বাতিল করে এবং তাঁকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে বলে। গত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় থেকে কোকো চিকিত্সার জন্য থাইল্যান্ডে অবস্থান করছেন।বিএনপির একটি সূত্র জানিয়েছে, আবেদনপত্রে কোকোর চিকিত্সা সনদ দেওয়া হয়েছে। তাঁকে যে চিকিত্সার জন্য আরও থাকতে হবে, সে সংক্রান্ত কাগজপত্রও দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে যে শর্ত ভঙ্গের কথা বলা হচ্ছে, সে শর্ত আর ভঙ্গ করা হবে না বলেও সরকারকে জানানো হয়েছে।