কোকোর প্যারোলের মেয়াদ বাতিল নিয়ে রুল শুনানি শেষ
আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (প্যারোল) মেয়াদ বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল শুনানি শেষ হয়েছে। ১১ অক্টোবর এ বিষয়ে রায় দেওয়া হবে। আজ বুধবার বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও কাজী রেজা-উল-হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ দিন ধার্য করেন। গতকাল মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ কোকোর প্যারোলের মেয়াদ রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছিলেন। কোকোর পক্ষে এক রিটের পরিপ্রেক্ষিতে গত ২৬ আগস্ট হাইকোর্ট শর্তসাপেক্ষে তাঁর প্যারোলের মেয়াদ ৪০ দিন বাড়ান। একই সঙ্গে তাঁর প্যারোল বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। এর বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আপিল বিভাগ এক সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন।উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় কোকোকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের মে মাসে তাঁকে প্যারোল দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়। এরপর দফায় দফায় তাঁর প্যারোলের মেয়াদ বাড়ানো হয়। এভাবে তাঁর প্যারোলের সর্বশেষ মেয়াদ শেষ হয় গত ১৪ আগস্ট। এরপর ১৯ আগস্ট কোকোর প্যারোল বাতিল করে তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কোকোর পক্ষে রিট করা হয়।