কোকোর প্যারোলের মেয়াদ ২০ দিন বাড়িয়ে রুল নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (প্যারোল) মেয়াদ আরও ২০ দিন বাড়িয়ে রুল নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ ব্যাপারে রায় দেন।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান জানান, আদালত কোকোর প্যারোলের মেয়াদ আরও ২০ দিন বহাল থাকার কথা বলে রুল নিষ্পত্তি করে দিয়েছেন। কোকোর কৌঁসুলি মাহবুবউদ্দিন প্রথম আলোকে বলেন, হাইকোর্ট আরও ২০ দিনের জন্য কোকোর প্যারোলের মেয়াদ বাড়িয়েছেন। এ সময়ের মধ্যে প্যারোলের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে বলা হয়েছে। সরকার বিষয়টি বিবেচনা করতে পারে বলেও আদালত অভিমত দিয়েছেন।উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় কোকোকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের মে মাসে তাঁকে প্যারোল দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়। এরপর দফায় দফায় তাঁর প্যারোলের মেয়াদ বাড়ানো হয়। এভাবে তাঁর প্যারোলের সর্বশেষ মেয়াদ শেষ হয় চলতি বছরের ১৪ আগস্ট। এরপর ১৯ আগস্ট কোকোর প্যারোল বাতিল করে তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কোকোর পক্ষে রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন এবং শর্ত সাপেক্ষে তাঁর প্যারোলের মেয়াদ বৃদ্ধি করেন। তবে এতে স্থগিতাদেশ চেয়ে সরকার পক্ষ আপিল বিভাগে আবেদন করলে ৬ অক্টোবর আদালত এক সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন।