কোকোর প্যারোলের মেয়াদ বাড়াতে নতুন আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (প্যারোল) মেয়াদ বৃদ্ধির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন করে আবেদন করা হয়েছে। আজ বুধবার কোকোর পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন ও শামসুর রহমান শিমুল বিশ্বাস আবেদনটি করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (পিএস) আবদুল হান্নান মন্ত্রীর পক্ষ থেকে আবেদনটি গ্রহণ করেন। মাহবুব উদ্দিন প্রথম আলোকে জানান, কোকো অসুস্থ। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর প্যারোলের মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। জানা গেছে, আবেদনের সঙ্গে কোকোর চিকিত্সা-সংক্রান্ত কাগজপত্রও জমা দেওয়া হয়েছে।তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় কোকোকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের মে মাসে তাঁকে প্যারোল দিয়ে চিকিত্সার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়। দফায় দফায় তাঁর প্যারোলের মেয়াদ বাড়ানো হয়। এভাবে সর্বশেষ মেয়াদ শেষ হয় চলতি বছরের ১৪ আগস্ট। গত ১৯ আগস্ট কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিল করে তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়। এ নিয়ে কোকোর পক্ষে রিট আবেদন করা হলে ১১ অক্টোবর হাইকোর্টে রুল নিষ্পত্তি করে রায় দেন। এতে তাঁর সাময়িক মুক্তির মেয়াদ আরও ২০ দিন বাড়িয়ে দেওয়া হয়। কোকোর চিকিত্সা-সংক্রান্ত কাগজপত্র দিয়ে প্যারোলের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হলে সরকার তা বিবেচনা করতে পারে বলে আদালত অভিমত দেন। হাইকোর্টের এ রায়ে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করলে ১৩ অক্টোবর আপিল বিভাগ ওই রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন।