কোকোর প্যারোলের মেয়াদ বাড়ানোর রায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (প্যারোল) মেয়াদ বৃদ্ধি করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। দুপুর সোয়া ১২টার দিকে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। ফলে প্যারোল বাতিলে সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে।কোকোর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন জানান, হাইকোর্টের রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।১১ অক্টোবর কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরও ২০ দিন বহাল রাখার নির্দেশ দিয়ে রুল নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ চেয়ে সরকার পক্ষ গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বিষয়টি আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। শুনানি শেষে আপিল বিভাগ এ আদেশ দেন। উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় কোকোকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের মে মাসে তাঁকে প্যারোল দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়। দফায় দফায় তাঁর প্যারোলের মেয়াদ বাড়ানো হয়। এভাবে সর্বশেষ মেয়াদ শেষ হয় চলতি বছরের ১৪ আগস্ট। গত ১৯ আগস্ট কোকোর প্যারোল বাতিল করে, তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কোকোর পক্ষে রিট করা হয়। ।