কোকোর প্যারোলের মেয়াদ ৪০ দিন বাড়ল
হাইকোর্ট সংসদে বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলের মেয়াদ ৪০ দিন বাড়িয়েছেন। পাশাপাশি প্যারোল বাতিল করে দেশে ফিরে আসতে সরকারের দেওয়া নোটিশ কেন অবৈধ হবে না তাও জানতে চেয়েছেন। সেই সঙ্গে প্যারোলের মেয়াদ কেন বাড়ানো হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সরকার ও সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল-হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কোকোর পক্ষে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। একই সঙ্গে তিন দিন পর কোকোকে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসে হাজির হতে বলা হয়েছে।কোকোর পক্ষে রিট দায়েরকারী আইনজীবী মাহববুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, কোকোর স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে হাইকোর্ট প্যারোলের মেয়াদ ৪০ দিন বাড়িয়েছেন। আগামী ৪ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।আদালতে কোকোর পক্ষে রফিক-উল হক, মওদুদ আহমদ ও সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি পরিচালনা করেন।উল্লেখ্য, ১৯ আগস্ট সরকার কোকোর প্যারোল বাতিল করে ৩১ আগস্টের মধ্যে তাঁকে দেশে ফিরে আসতে নির্দেশ দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে কোকোর পক্ষে আইনজীবী মাহববুব উদ্দিন খোকন রিটটি করেন।