কোকোর প্যারোলের মেয়াদ ৪০ দিন বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (প্যারোল) মেয়াদ ৪০ দিন বাড়িয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর প্যারোল বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কোকোর পক্ষে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্ট কোকোর প্যারোলের মেয়াদ আরও ৪০ দিন বাড়িয়ে দিয়েছেন। তাঁকে প্রতি তিন দিন পর থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে রিপোর্ট করতে হবে। নতুবা তাঁর প্যারোল বাতিল হয়ে যাবে। আজ বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হবে।’কোকোর কৌঁসুলি মাহবুব উদ্দিন প্রথম আলোকে বলেন, কোকোর চিকিত্সার বিষয়ে তিন দিন পরপর থাই দূতাবাসকে জানাতে বলা হয়েছে। ৪ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের মে মাসে তাঁকে সাময়িক মুক্তি দিয়ে চিকিত্সার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়। এরপর দফায় দফায় মেয়াদ বাড়ানো হয়। এ হিসাবে ১৪ আগস্ট তাঁর প্যারোলের মেয়াদ শেষ হয়। ১৯ আগস্ট কোকোর প্যারোল বাতিল করে তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কোকোর পক্ষে রিটটি করা হয়।