কোকোর বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরাফাত রহমান কোকোর বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২০ কোটি টাকা পাচারসহ অর্থের অবৈধ ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই গতকাল মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। জিয়া পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে এ-ই প্রথম কোনো মামলার বিচার শুরু হলো। টেলিযোগাযোগ খাতে সিমেন্সকে কাজ পাইয়ে দিতে ঘুষ নিয়েছিলেন আরাফাত রহমান। এ ঘটনায় এর আগে যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের ডিসেম্বরে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়েছে সিমেন্সকে। এ ছাড়া গত রোববার সিঙ্গাপুরে আরাফাত রহমানকে অবৈধ অর্থ লেনদেনে সহায়তা করার জন্য সিঙ্গাপুরের নাগরিক লিম সিউ চ্যাংকে ১২ হাজার সিঙ্গাপুরি ডলার জরিমানা দিতে হয়েছে। সিঙ্গাপুরের ডিস্ট্রিক্ট কোর্ট এই জরিমানা করেছেন। কাজ পেতে কোকোকে ঘুষ দেয় সিমেন্স এই শিরোনামে সংবাদটি ২০০৮ সালের ২২ ডিসেম্বর প্রথম আলোতে ছাপা হয়েছিল। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেইন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আদালত ১৯ জানুয়ারি পরবর্তী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আবু সাঈদ আদালতে সাক্ষ্য দেন। মামলার অপর আসামি বিএনপির সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত লে. কর্নেল আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সাইমন পলাতক আছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি ও আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও তিনি আদালতে হাজির হননি। গত ৩০ নভেম্বর আরাফাত রহমান ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। দুদকের বিশেষ কৌঁসুলি মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি (প্যারোল) পেয়ে কোকো বিদেশে চিকিৎসা করাতে যান। সম্প্রতি সরকার কোকোর এই মুক্তির আদেশ বাতিল করে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু আরাফাত রহমান আদালতে উপস্থিত হয়ে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে হাজির না হওয়ায় আসামিদের অনুপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে বিচারের আনুষঙ্গিক কার্যক্রম শুরু হলো। সাক্ষীর বক্তব্য: গতকাল মামলার বাদী দুদকের উপপরিচালক আবু সাঈদ আদালতকে বলেন, মা প্রধানমন্ত্রী থাকাকালে আরাফাত রহমান বিদেশে অর্থ পাচার করেন। অর্থ পাচারে তাঁকে সহায়তা করেন সাবেক নৌমন্ত্রীর ছেলে ইসমাইল হোসেন। ২০০৯ সালের ১৭ মার্চ রাজধানীর কাফরুল থানায় তাঁদের আসামি করে সিঙ্গাপুরে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৩ সিঙ্গাপুরি ডলার এবং নয় লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার পাচারের অভিযোগে এ মামলা করেন।আবু সাঈদ তাঁর সাক্ষ্যে আরও বলেন, আরাফাত রহমান কোকো ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে অবৈধ উপায়ে অর্জিত অর্থ বিদেশে পাচার করেন। আসামিদের মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০০৯-এর ৪(২) এবং দুর্নীতি প্রতিরোধ আইনের দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। আবু সাঈদ বলেন, আয়কর অধ্যাদেশ অনুযায়ী বৈদেশিক কোনো সূত্র থেকে কোনো বাংলাদেশির আয় ওই ব্যক্তির আয়করযোগ্য সর্বমোট আয়ের অন্তর্ভুক্ত হবে। সংশ্লিষ্ট সময়ে আয়কর বিবরণী এবং দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে কোকো সিঙ্গাপুরে তাঁর হিসাবে অর্থ জমা বা উত্তোলন করার কথা উল্লেখ করেননি। সিঙ্গাপুরে জেডএএসজেড (জ্যাজ) ট্রেডিং অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড ও ফারহিল কনসালটিং প্রাইভেট লিমিটেড নামে কোকোর দুটি কোম্পানির ব্যাংক হিসাবে যে অর্থ জমা হয়েছে, সে সময় তাঁর মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তা ছাড়া যেসব সূত্র থেকে ওই সব হিসাবে অর্থ জমা হয়েছে, তাদের সঙ্গে কোকোর কোনো ব্যবসায়িক সম্পর্কও ছিল না।বাদী আবু সাঈদ আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে কোকো অবৈধ উপায়ে অর্জিত অর্থ গোপন বা আড়াল করার জন্য বিদেশে কৌশলে পাচার করেন। সিঙ্গাপুরের হেনরি নুন অ্যান্ড কোং নামে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লিম সিউ চ্যাং ২০০৪ সালের ১০ এপ্রিল সিঙ্গাপুরে জ্যাজ ট্রেডিং অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি নিবন্ধন করেন। লিম সিউ ওই কোম্পানির একমাত্র পরিচালক। ওই বছরের ১২ এপ্রিল সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে (ইউওবি) জ্যাজের নামে ব্যাংক হিসাব খোলার আবেদন করা হয়। এই লিম সিউ চ্যাংকেই গত রোববার সিঙ্গাপুরের একটি আদালত জরিমানা করেন। আবু সাঈদ আদালতকে আরও বলেন, ইউওবি ব্যাংকের জ্যাজের হিসাবে (১০৯৩১০১৩৯৭) ২০০৫ সালের ৬ মে এবং ৩১ মে নয় লাখ ২০ হাজার ৯৮৬.৫৭ এবং আট লাখ ৩০ হাজার ৬৫৬.৭৭ সিঙ্গাপুরি ডলার জমা হয়। ওই ডলার ঢাকার চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং চট্টগ্রামের চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে পাঠানো হয়। ওই অর্থ নিউইয়র্কের সিটিব্যাংক এনএ এবং এইচএসবিসি ব্যাংক থেকে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে ইউওবির হিসাবে পাঠানো হয়। একই পদ্ধতিতে ওই বছরের ১ আগস্ট নিউইয়র্কের এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে চট্টগ্রামের চায়না হারবার ইঞ্জিনিয়ারিং থেকে আট লাখ ২৯ হাজার ৭০৫.৮১ সিঙ্গাপুরি ডলার জমা হয়। সাক্ষী আদালতে আরও জানান, এ ছাড়া ইউওবি ব্যাংকে জ্যাজের হিসাবে ২০০৫ সালের ৬ অক্টোবর এক লাখ ৮০ হাজার মার্কিন ডলার (তিন লাখ তিন হাজার ২৫৪ সিঙ্গাপুরি ডলার) জমা হয়। ওই ডলার জুলফিকার আলী নামে এক ব্যক্তি সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাব থেকে ইলেকট্রনিক মেইলের মাধ্যমে হস্তান্তর করেন। তিনি আরও বলেন, কোকোর নির্দেশে ২০০৫ সালের ১৯ ডিসেম্বর ফারহিল কনসালটিং প্রাইভেট লিমিটেড নামের সিঙ্গাপুরে একটি ব্যাংক হিসাব খোলা হয়। ২০০৬ সালের বিভিন্ন সময় চার লাখ ৯৯ হাজার ৯৬৬ মার্কিন ডলার আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেডের মাধ্যমে জমা করা হয়। লিম সিউ চ্যাং কোকোর নির্দেশে সিআইসি ব্যাংক সিঙ্গাপুর শাখায় তা স্থানান্তর করেন। আবু সাঈদ জানান, সিঙ্গাপুরের জ্যাজ এবং ফারহিল কোম্পানির ব্যাংক হিসাব থেকে বিভিন্ন দফায় কোকোর সইয়ে টাকা উত্তোলন করা হয়েছে। ব্যাংক হিসাবে মোট ২৮ লাখ ৮৫ হাজার ৭৫৪.১৫ সিঙ্গাপুরি ডলার জমার বিপরীতে বিভিন্ন চেকের মাধ্যমে আট লাখ ৭২ হাজার ৮৬.৭৭ সিঙ্গাপুরি ডলার উত্তোলন করেন কোকো। এর মধ্যে ২০০৫ সালের ২৯ জুলাই আট লাখ ৩০ হাজার ৬৫৬.৭৭ সিঙ্গাপুরি ডলার সায়মনকে দেওয়া হয়। ওই দিনই ওই ডলার সিঙ্গাপুরে এইচএসবিসি ব্যাংকে তাঁর হিসাবে জমা হয়। বিএনপিপন্থী আইনজীবীরা আদালতে উপস্থিত থাকলেও পলাতক আসামির পক্ষে মামলা পরিচালনা করার আইনগত বাধা থাকায় তাঁরা কথা বলতে পারেননি।যেভাবে ঘুষ নেওয়া হয়: সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটকের কাজ পাওয়ার জন্য সিমেন্স বাংলাদেশের পক্ষ থেকে কোকোকে ঘুষ দেওয়ার বিষয়টি প্রথম এবং বিস্তারিত জানা গিয়েছিল যুক্তরাষ্ট্রের একটি আদালতের কাগজপত্র থেকে, ২০০৮ সালের ডিসেম্বর মাসে। বিশ্বব্যাপী দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে সিমেন্স এজির বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে সিমেন্স বাংলাদেশও রয়েছে। ডিস্ট্রিক্ট জজ রিচার্ড জে লিওনের আদালতে শুনানি চলাকালে মূল প্রতিষ্ঠান সিমেন্স এজি তাদের দোষ স্বীকার করে নেয় এবং ৪৪ কোটি ৮৫ লাখ ডলার শোধ করতে সম্মত হয়। এর মধ্যে সিমেন্স বাংলাদেশের নামও ছিল। জানা যায়, বিটিটিবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে টেলিটক প্রকল্পটির জন্য ২০০১ সাল থেকে শুরু করে ২০০২ সাল সময়ের মধ্যে তিনবার দরপত্র আহ্বান করা হয়। তিনবারই অংশ নেয় সিমেন্স বাংলাদেশ এবং তিনবারই কারিগরি অযোগ্যতার কারণে বাদ পড়ে। এরপর তৎকালীন টেলিযোগাযোগমন্ত্রী আমিনুল হকের বিয়াই মিজানুর রহমানকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় সিমেন্স বাংলাদেশ এবং ২০০৩ সালে বাতিল দরপত্র আবার সচল হয়। এ সময় আরাফাত রহমান কোকো নির্দিষ্ট কমিশনের (পারসেন্টেজ) বিপরীতে সিমেন্সকে কাজ দেওয়ার জন্য আলোচনা শুরু করেন। এরপরই সব ধরনের নিয়মনীতি উপেক্ষা করে সিমেন্সের দরপত্র পাস হয় এবং ২০০৪ সালের ১৪ জুন বিটিটিবির সঙ্গে তাদের চুক্তি হয়। মার্কিন আদালতের মামলার নথিতে বলা হয়েছে, ২০০৫ সালের মাঝামাঝি কোকো সিমেন্স বাংলাদেশের তৎকালীন বাণিজ্য বিভাগের প্রধান খালেদ শামসের কাছে প্রতিশ্রুত টাকা দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। পরে ২০০৫ সালের সেপ্টেম্বরে সিমেন্সের পরামর্শক জুলফিকার আলী সিঙ্গাপুরে ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে (ইউওবি) কোকোর ব্যাংক হিসাবে এক লাখ ৮০ হাজার ডলার পাঠিয়ে দেন। কোকোর বিরুদ্ধে আরও মামলা: ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলা এবং গত বছরের ২৩ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক কোকোর বিরুদ্ধে মামলা করে। গ্যাটকো মামলায় বেগম খালেদা জিয়াও আসামি। কোকোর বিরুদ্ধে অবৈধভাবে দুই কোটি চার লাখ ৬১ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়ে দুদক মামলার অভিযোগপত্র দাখিল করেছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা দুটির কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত আছে।