কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে। আজ সোমবার কোকোর আইনজীবী সানাউল্লাহ মিয়ার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জহুরুল হক আগামী ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।কোকোর আইনজীবী আদালতে বলেছেন, আয়কর ফাঁকিসংক্রান্ত মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। হাইকোর্ট মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে গত বছরের ৯ জুলাই রুল জারি করেছিলেন। হাইকোর্টে ওই রুলের ওপর শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন জানানো হয়। একই সঙ্গে হাইকোর্টের আদেশ দাখিলের জন্য সময় চান তিনি। এর পরিপ্রেক্ষিতে আদালত সময় মঞ্জুর করে এ তারিখ ধার্য করেন।জানা যায়, আয়কর বিবরণীতে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন এবং এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দেওয়ার অভিযোগে এনবিআরের উপকর কমিশনার শাহীন আক্তার হোসেন গত বছরের ১ মার্চ কোকোর বিরুদ্ধে একটি মামলা করেন। তাঁর বিরুদ্ধে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় অভিযোগ আনা হয়।এর আগে গত বছরের ৮ অক্টোবর ও ৭ নভেম্বর এবং চলতি বছরের ১০ জানুয়ারি এ মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি পেছানো হয়।