কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা আয়কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। এ নিয়ে শুনানির তারিখ ১০ বার পেছাল।আসামি পক্ষের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ মো. জহুরুল হক আজ মঙ্গলবার নতুন তারিখ ধার্য করেন আগামী ২০ নভেম্বর।কোকোর পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল দেন আদালত। আইনজীবীরা বলেন, ওই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখা প্রয়োজন। হাইকোর্টে অবকাশকালীন ছুটি থাকায় আদেশের অনুলিপি পাওয়া সম্ভব হয়নি। এর পরিপ্রেক্ষিতে আদালত নতুন এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর অতিরিক্ত কৌঁসুলি শাহ আলম তালুকদার।প্রসঙ্গত, আয়কর বিবরণীতে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন এবং এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বছরের ১ মার্চ মামলাটি করে। কোকোর বিরুদ্ধে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।