বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা আয়কর ফাঁকির মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কোকোর পক্ষে করা রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে এনবিআর চেয়ারম্যান, অর্থসচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা যায়, আয়কর বিবরণীতে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন এবং এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দেওয়ার অভিযোগে এনবিআরের উপকরকমিশনার শাহীন আক্তার হোসেন গত ১ মার্চ নিম্ন আদালতে এ মামলাটি দায়ের করেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।আজ কোকোর পক্ষে আইনজীবী রফিক-উল হক ও মাহবুব উদ্দিন খোকন এবং সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলা পরিচালনা করেন। কোকো সরকারের নির্বাহী আদেশে চিকিত্সার জন্য বিদেশে আছেন।মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, এনবিআরের করা মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা এক সপ্তাহের মধ্যে জানাতে রুল জারি করেছেন হাইকোর্ট।