কোকোর বিরুদ্ধে করা মামলার শুনানি ১৫ ফেব্রুয়ারি
সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা অবৈধভাবে অর্থ পাচারের মামলার শুনানির দিন আগামী ১৫ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। আর এ মামলার আরেক আসামি প্রয়াত নৌপরিবহনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সাইমনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ফেরত আসেনি। আদালত আগামী ধার্য তারিখের মধ্যে পুলিশকে পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার আদালত এ নির্দেশ দেন। গত বছরের ১২ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) কোকো ও সাইমনের বিরুদ্ধে ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার টাকা পাচারের অভিযোগপত্র দেয়। মহানগর দায়রা জজের আদালত অভিযোগপত্র গ্রহণ করে কোকো ও পলাতক সাইমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে কোকো সরকারের কাছ থেকে চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পান। তিনি সাময়িকভাবে মুক্ত আছেন। গত বছরের ১৭ মার্চ কাফরুল থানায় দুদক এ মামলাটি করেছিল।