ঘুষের অর্থ বিদেশে লেনদেনের অভিযোগে দুদক এই মামলা করেছিল ২০০৯ সালে
কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অর্থের অবৈধ ব্যবহারের (মানি লন্ডারিং) অভিযোগে করা মামলায় গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এ আদেশ দেন। আদালত আগামী ৩০ নভেম্বর মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। সিমেন্স বাংলাদেশকে কাজ পাইয়ে দেওয়ার ঘুষের অর্থ বিদেশে লেনদেনের অভিযোগে গত বছরের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা করেছিল। অর্থের এই অবৈধ লেনদেনের ঘটনায় কোকোকে সহযোগিতা করায় বিএনপি সরকারের সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত লে. কর্নেল আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সায়মনকেও আসামি করা হয়েছে। সায়মন পলাতক রয়েছেন। কোকো বর্তমানে থাইল্যান্ডে আছেন বলে জানা যায়।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল প্রথম আলোকে বলেন, কোকোর আবেদনের পরিপ্রেক্ষিতে সাময়িক মুক্তি বা প্যারোলের মেয়াদ ২০ দিন বাড়িয়ে রুল নিষ্পত্তি করেছিলেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ পরদিনই আপিল বিভাগে রায় স্থগিত চেয়ে আবেদন করলে আপিল বিভাগ হাইকোর্টের রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন। এর ফলে ২০ দিন মেয়াদ বৃদ্ধির কার্যকারিতা আর নেই। এ কারণে কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ক্ষেত্রেও আইনগত কোনো বাধা নেই বলে জানান তিনি। শুনানিকালে মাহবুবে আলমকে সহযোগিতা করেন সৈয়দ রেজাউর রহমান, আবদুল্লাহ আবু, খন্দকার আবদুল মান্নান, কাজী নজিবউল্লাহ, ফজিলতুনেচ্ছা প্রমুখ।অর্থ ফেরত আনার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছেন। অভিযোগ গঠনের শুনানির পর এ বিষয়ে শুনানি হতে পারে। কোকোর আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, হাইকোর্ট ও আপিল বিভাগের রায়ের সত্যায়িত অনুলিপি দাখিল ও তা পর্যালোচনা করে আদেশ দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। আসামিপক্ষে আইনজীবী হিসেবে আরও ছিলেন মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম, বোরহানউদ্দিন প্রমুখ। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় কোকোকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০০৮ সালের মে মাসে তাঁকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর দফায় দফায় এর মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ মেয়াদ শেষ হয় গত ১৪ আগস্ট। এরপর ১৯ আগস্ট কোকোর সাময়িক মুক্তি বাতিল করে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কোকোর পক্ষে রিট করা হলে ১১ অক্টোবর হাইকোর্ট রুল নিষ্পত্তি করে রায় দেন। এতে তাঁর সাময়িক মুক্তির মেয়াদ আরও ২০ দিন বাড়িয়ে দেওয়া হয়। কোকোর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দিয়ে প্যারোলের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হলে সরকার তা বিবেচনা করতে পারে বলেও আদালত অভিমত দেন। হাইকোর্টের এ রায়ের স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ আবেদন করলে গত ১৩ অক্টোবর আপিল বিভাগ ওই রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন।প্রসঙ্গত, ২০০৯ সালের ১৭ মার্চ দুদকের করা মামলায় কোকোকে আসামি করা হয়েছিল। একই বছরের ১২ নভেম্বর কোকো ও সায়মনের বিরুদ্ধে সিঙ্গাপুরে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৩ সিঙ্গাপুর ডলার এবং নয় লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার (সে সময়ের বাজারদর অনুযায়ী ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা) অবৈধ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দেয় দুদক।যেভাবে ঘুষ নেওয়া হয়: সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটকের কাজ পাওয়ার জন্য সিমেন্স বাংলাদেশের পক্ষ থেকে কোকোকে ঘুষ দেওয়ার বিষয়টি প্রথম এবং বিস্তারিত জানা যায় যুক্তরাষ্ট্রের একটি আদালতের কাগজপত্র থেকে, ২০০৮ সালে ডিসেম্বর মাসে। বিশ্বব্যাপী দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে সিমেন্স এজির বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে সিমেন্স বাংলাদেশও রয়েছে। ডিস্ট্রিক্ট জজ রিচার্ড জে লিওনের আদালতে শুনানি চলাকালে মূল প্রতিষ্ঠান সিমেন্স এজি তাদের দোষ স্বীকার করে নেয় এবং ৪৪ কোটি ৮৫ লাখ ডলার শোধ করতে সম্মত হয়। এর মধ্যে সিমেন্স বাংলাদেশের নামও ছিল। জানা যায়, বিটিটিবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে টেলিটক প্রকল্পটির জন্য ২০০১ সাল থেকে শুরু করে ২০০২ সাল সময়ের মধ্যে তিনবার দরপত্র আহ্বান করা হয়। তিনবারই অংশ নেয় সিমেন্স বাংলাদেশ এবং তিনবারই কারিগরি অযোগ্যতার কারণে বাদ পড়ে। এরপর তৎকালীন টেলিযোগাযোগমন্ত্রী আমিনুল হকের বেয়াই মিজানুর রহমানকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় সিমেন্স বাংলাদেশ এবং ২০০৩ সালে বাতিল দরপত্র আবার সচল হয়। এ সময় আরাফাত রহমান কোকো নির্দিষ্ট কমিশনের (পারসেন্টেজ) বিপরীতে সিমেন্সকে কাজ দেওয়ার জন্য আলোচনা শুরু করেন। এর পরই সব ধরনের নিয়মনীতি উপেক্ষা করে সিমেন্সের দরপত্র পাস হয় এবং ২০০৪ সালের ১৪ জুন বিটিটিবির সঙ্গে তাদের চুক্তি হয়। মার্কিন আদালতের মামলার নথিতে বলা হয়েছে, ২০০৫ সালের মাঝামাঝি কোকো সিমেন্স বাংলাদেশের তৎকালীন বাণিজ্য বিভাগের প্রধান খালেদ শামসের কাছে প্রতিশ্রুত টাকা দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তী সময়ে ২০০৫ সালের সেপ্টেম্বরে সিমেন্সের পরামর্শক জুলফিকার আলী সিঙ্গাপুরে ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে (ইউওবি) কোকোর ব্যাংক হিসেবে এক লাখ ৮০ হাজার ডলার পাঠিয়ে দেন। সিঙ্গাপুরে লেনদেন: ঘুষের অর্থ লেনদেন করতে ২০০৪ সালের ১০ এপ্রিল সিঙ্গাপুরের এক নাগরিকের সহযোগিতায় কোকো সিঙ্গাপুরে জেডএএসজেড (জ্যাজ) ট্রেডিং অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি নিবন্ধন করেন এবং ইউওবি ব্যাংকে হিসাব খোলেন। সিঙ্গাপুরের ওই নাগরিকের সঙ্গে কোকোর পরিচয় করিয়ে দেন কিউসি শিপিংয়ের এক কর্মকর্তা। ব্যাংক হিসাবটি যৌথ হলেও তা থেকে অর্থ তোলার ক্ষমতা ছিল একমাত্র কোকোর। সিঙ্গাপুরের ওই ব্যাংকে কোনো বিদেশি নাগরিকের হিসাব খোলার নিয়ম নেই বলেই ওই নাগরিকের সহযোগিতা নেন। এই ব্যক্তিটি হচ্ছেন সিঙ্গাপুরের হেনরি নুন অ্যান্ড কোং নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লিম সিউ চ্যাং। দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, ইউওবি ব্যাংকে জ্যাজের হিসাবে ২০০৫ সালের ৬ মে এবং ৩১ মে যথাক্রমে নয় লাখ ২০ হাজার ৯৮৬.৫৭ এবং আট লাখ ৩০ হাজার ৬৫৬.৭৭ সিঙ্গাপুর ডলার জমা হয়। ওই ডলার চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে পাঠানো হয়। ২০০৫ সালে চট্টগ্রামে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ছিল চায়না হারবার ইঞ্জিনিয়ারিং।ওই অর্থ নিউইয়র্কের সিটিব্যাংক এনএ এবং এইচএসবিসি ব্যাংক থেকে ইউওবির হিসাবে পাঠানো হয়। একইভাবে ওই বছরের ১ আগস্ট নিউইয়র্কের এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে চট্টগ্রামের চায়না হারবার ইঞ্জিনিয়ারিং থেকে আরও আট লাখ ২৯ হাজার ৭০৫.৮১ সিঙ্গাপুর ডলার জমা হয়। এ ছাড়া ইউওবি ব্যাংকে জ্যাজের হিসাবে ২০০৫ সালের ৬ অক্টোবর এক লাখ ৮০ হাজার মার্কিন ডলার (তিন লাখ তিন হাজার ২৫৪ সিঙ্গাপুর ডলার) জমা হয়। ওই ডলার জুলফিকার আলী সিঙ্গাপুরের স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাব থেকে ইলেকট্রনিক মেইলের মাধ্যমে স্থানান্তর করেন। অভিযোগপত্রে আরও বলা হয়, লিম সিউ চ্যাং ২০০৫ সালের ১৯ ডিসেম্বর ফারহিল কনসালটিং প্রাইভেট লিমিটেড নামে সিঙ্গাপুরে আরেকটি ব্যাংক হিসাব খুলেছিলেন। ২০০৬ সালের কয়েক দফায় ওই হিসাবে চার লাখ ৯৯ হাজার ৯৬৬ মার্কিন ডলার আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেডের মাধ্যমে জমা করা হয়। লিম সিউ চ্যাং কোকের নির্দেশে সিআইসি ব্যাংক সিঙ্গাপুর শাখায় ওই অর্থ স্থানান্তর করেন। অভিযোগপত্র অনুযায়ী, জ্যাজ ও ফারহিল কোম্পানির ব্যাংক হিসাব থেকে বিভিন্ন দফায় কোকোর সইয়ে টাকা উত্তোলন করা হয়েছে। হিসাবে মোট ২৮ লাখ ৮৫ হাজার ৭৫৪.১৫ সিঙ্গাপুর ডলার জমার বিপরীতে বিভিন্ন চেকের মাধ্যমে আট লাখ ৭২ হাজার ৮৬.৭৭ সিঙ্গাপুর ডলার উত্তোলন করেন কোকো। এর মধ্যে ২০০৫ সালের ২৯ জুলাই আট লাখ ৩০ হাজার ৬৫৬.৭৭ সিঙ্গাপুর ডলার সায়মনকে দেওয়া হয়। ওই দিনই ওই ডলার সিঙ্গাপুরে এইচএসবিসি ব্যাংকে তাঁর হিসাবে জমা হয়। আরও মামলা: কোকোর বিরুদ্ধে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি এবং ২০০৯ সালের ২৩ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে। গ্যাটকো মামলায় খালেদা জিয়াও আসামি। কোকোর বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলাও আছে। এই তিনটি মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে।