বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা অর্থপাচার মামলায় নতুন করে অভিযোগ গঠন করা হচ্ছে। পাশাপাশি মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আবু সাঈদকে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকেছেন আদালত। ১৫ জুন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোজাম্মেল হোসেন এ আদেশ দেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন এক আবেদনে আদালতকে বলেন, গত বছরের ৩০ নভেম্বর এ মামলায় আরাফাত রহমান কোকো ও তাঁর সহযোগী ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০০৯ সালের মানি লন্ডারিং আইনে এই অভিযোগ করা হয়। সম্প্রতি তারেক রহমানের বিরুদ্ধে করা একটি মানি লন্ডারিং মামলায় আপিল বিভাগ ২০০৯ সালের মানি লন্ডারিং আইনের পরিবর্তে ২০০২ সালের দুদক আইনে অভিযোগ আমলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন আবেদনে আরও বলেন, কোকোর বিরুদ্ধে করা মামলাও ২০০২ সালের আইনের অধীনে করা আবশ্যক। শুনানি শেষে আদালত ২০০২ সালের আইনে কোকোর অভিযোগ গঠন করে সাক্ষীকে পুনরায় সাক্ষ্য নেওয়ার জন্য আদেশ দেন।প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে গতকাল রোববার গ্রামীণ ফোনের এক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় বাদীসহ এ পর্যন্ত ২৩ জনের মধ্যে ১৯ জন সাক্ষী সাক্ষ্য দিলেন। সিমেন্স বাংলাদেশকে কাজ পাইয়ে দিয়ে পাওয়া ঘুষের অর্থ বিদেশে লেনদেনের অভিযোগে ২০০৯ সালে দুদক এ মামলা করে।