কোকোর বিরুদ্ধে পরবর্তী শুনানি ২৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শুনানি পিছিয়েছে। আজ সোমবার কোকোর আইনজীবী সানাউল্লাহ মিয়ার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ জহুরুল হক ২৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।আইনজীবী আদালতে বলেন, আয়কর ফাঁকিসংক্রান্ত মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। ওই আবেদন নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখা প্রয়োজন। শুনানি শেষে আদালত সময় মঞ্জুর করে এ তারিখ ধার্য করেন।জানা যায়, আয়কর বিবরণীতে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন এবং এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দেওয়ার অভিযোগে এনবিআরের উপকর কমিশনার শাহীন আক্তার হোসেন গত বছরের ১ মার্চ কোকোর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। তাঁর বিরুদ্ধে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় অভিযোগ আনা হয়।