কোকোর বিরুদ্ধে সরকার দ্রুত অভিযোগপত্র দিয়েছে: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষপাতমূলক আচরণ বিচারপতিদের ন্যায়বিচারের পথ ভুলিয়ে দিয়েছে। বিচার বিভাগকে দলীয়করণ করায় বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। বিরোধী দল ও জিয়াউর রহমানের দলকে নিশ্চিহ্ন করতে সরকার ক্ষমতার সব শক্তি দিয়ে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দিয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার দলের যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। খোন্দকার দেলোয়ার বলেন, পুলিশের কাছে হাজারো মামলা আছে; এগুলোর চার্জশিট দেওয়া হচ্ছে না। অথচ অসুস্থ কোকোর মামলা নিয়ে তাদের আগ্রহের শেষ নেই। কোকোর প্যারোলের সময় বাড়ানোর আবেদন করা হলেও এ বিষয়ে সরকার আনুষ্ঠানিক সিদ্ধান্ত না জানানোয় সরকারের সমালোচনা করেন তিনি।যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে খোন্দকার দেলোয়ার বলেন, ‘বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু যেভাবে এ বিচার-প্রক্রিয়া চলছে তা জনগণের প্রত্যাখ্যান করা ছাড়া উপায় থাকবে না। কারণ এতে আপনারা নিজেরাই সাক্ষী, নিজেরাই তদন্ত কর্মকর্তা। আপনাদের লোক হলে মুক্তিযোদ্ধা আর বিরোধী দলের লোক হলেই যুদ্ধাপরাধী, এটাই তো বিচার।’৭ নভেম্বর উপলক্ষে কর্মসূচি: এর আগে সভায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে ১০ দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। খোন্দকার দেলোয়ার বলেন, বিএনপি ৩ থেকে ১২ নভেম্বর পর্যন্ত কর্মসূচি পালন করবে। ৭ নভেম্বর সকাল ছয়টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের বিভাগীয়, জেলা, উপজেলা কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওই দিন সকাল ১০টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া দিবসটি সম্পর্কে তরুণ প্রজন্ম ও জনগণকে অবহিত করতে পোস্টার, লিফলেট, পুস্তিকা, ক্রোড়পত্র প্রকাশেরও উদ্যোগ নেওয়া হয়েছে।