আরাফাত রহমান কোকোর আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘নিম্ন আদালতের রায়ের পর এখন বিষয়টি উচ্চ আদালতে ফয়সালা হবে। জিয়া পরিবারের সদস্য কোকোর বিরুদ্ধে দায়ের করা মামলাটি তড়িত্ নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। আমরা তখনই বুঝেছিলাম তড়িত্ নিষ্পত্তি মানে তড়িত্ শাস্তি।’সমিতির সভাপতি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। বিচার বিভাগ এখন ভেঙে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনগণ ও আইনজীবীদের এগিয়ে আসতে হবে।অর্থপাচারের অভিযোগে কোকোকে আজ ছয় বছরের কারাদণ্ড ও ৩৮ কোটি ৮৩ লাখ টাকা জরিমানা করে রায় দেন নিম্ন আদালত। এর পর বেলা দেড়টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন বিষয়টি উচ্চ আদালতে আসবে, তখন হয়তো বর্তমান সরকার ক্ষমতায় থাকবে না। তিনি আশা করেন, তখন আদালত দলীয়করণের বাইরে গিয়ে ন্যায়বিচার করতে পারবেন।অন্যদিকে রায় ঘোষণার পর দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে বিএনপির সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে জড়ো হতে থাকেন। পৌনে একটার দিকে তাঁরা ‘আদালতের আদেশ মানি না, মানব না’ বলে স্লোগান দেন। এ সময় তাঁরা সরকার ও রায়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।বেলা একটার দিকে আইনজীবীরা সমিতি ভবন থেকে যাওয়ার পথে হাইকোর্টের সংযোগ সেতুতে থাকা ফুলের টব নিচে ছুড়ে ফেলেন। এতে নিচে থাকা দুটি গাড়ির একটির সামনের কাচ ফেটে যায় ও অন্যটির ছাদ দেবে যায়।এরপর আইনজীবী নিতাই রায় চৌধুরী, জয়নুল আবেদীনের নেতৃত্বে একদল আইনজীবী মিছিল নিয়ে সমিতি ভবন প্রদক্ষিণ করে ভবনের সামনে সমবেত হয়।অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া ও সমিতির সম্পাদক এম বদরুদ্দোজার নেতৃত্বে অন্য একদল আইনজীবী হাইকোর্টের এনএক্স ভবন থেকে মিছিল নিয়ে সমিতি ভবনের সামনে সমাবেশে যোগ দেন। পরে তাঁরা সেখানে কিছুক্ষণ প্রতিবাদ সমাবেশ করেন।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিরুদ্ধে নির্ধারিত প্রতিবাদ সমাবেশ থাকলেও আজ তা কোকোর রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।