কোকোর ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানেন না আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলে (সাময়িক) মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানেন না। তিনি বলেন, ‘কোকোর ব্যাপারে আদৌ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা আমি জানি না।’চীনের একটি প্রতিনিধিদল আজ রোববার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। বৈঠক শেষে কোকোর সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী এ মন্তব্য করেন।তবে সৈয়দ আশরাফ মনে করেন, বিষয়টি আইনগত ও মানবিকভাবে বিবেচনা করা উচিত। বিষয়টিকে কোনোভাবেই রাজনৈতিক দিকে ঠেলে দেওয়া কোনো পক্ষেরই ঠিক হবে না। তাঁর মতে, কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক বিষয় করার চেষ্টা করছে। আবার অনেকে এ বিষয়ে না জেনে মন্তব্য করে যাচ্ছে। তিনি বিষয়টি পুরো জানার পরই এ ব্যাপারে কথা বলবেন বলে সাংবাদিকদের জানান। কোকোর প্যারোলে মুক্তির বিষয়ে পুলিশের সঙ্গে যুবদল কর্মীদের আজকের সংঘর্ষের বিষয়ে সৈয়দ আশরাফ জানান, বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখা উচিত হবে না। তবে কেউই আইনের ঊর্ধ্বে নয়। প্রসঙ্গত, কোকোর সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে গতকাল শনিবার আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোকোর সাময়িক মুক্তির আদেশ বাতিল করে এবং তাঁকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে বলে। গত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় থেকে কোকো চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করছেন।