আদালত আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা আয়কর ফাঁকি মামলার অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল ইসলাম আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৬ জুন পরবর্তী তারিখ ধার্য করেছেন।কোকোর পক্ষে আইনজীবী তাহেরুল ইসলাম সময়ের আবেদন জানিয়ে আদালতকে বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বছরের ১ মার্চ আয়কর ফাঁকির অভিযোগে এ মামলা করে। কোকোর পক্ষে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ জুন আয়কর ফাঁকির মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। তাই এ রুলের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযোগ গঠনবিষয়ক শুনানির কার্যক্রম মুলতবি রাখার আবেদন করা হয়। শুনানি শেষে হাইকোর্ট আগামী ২৬ জুন শুনানির পরবর্তী তারিখ ঠিক করেন।প্রসঙ্গত, আয়কর বিবরণীতে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন এবং এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দেওয়ার অভিযোগে এনবিআর এই মামলা করে। তাঁর বিরুদ্ধে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় অভিযোগ আনা হয়।