কোকোর মামলায় এফবিআই কর্মকর্তা সাক্ষী হতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোর (এফবিআই) এক কর্মকর্তাকে সাক্ষী হিসেবে আনা হতে পারে।গতকাল রোববার ঢাকার আদালতে মামলার শুনানির পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা বলেছেন। তিনি বলেন, অভিযোগপত্রভুক্ত আসামিদের যুক্তরাষ্ট্রের ব্যাংক হিসাব তদন্তকারী এফবিআই কর্মকর্তা ডেবরাহ হেপ্রেভেটকে সাক্ষী হিসেবে আনা হতে পারে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ডেবরাহ এ মামলার তালিকাভুক্ত সাক্ষী না হলেও অভিযোগ প্রমাণের জন্য তাঁকে সাক্ষী হিসেবে আনার চেষ্টা চলছে।এদিকে কোকোর বিরুদ্ধে ২০ কোটি টাকা পাচারসহ অর্থের অবৈধ ব্যবহারের অভিযোগে করা মামলায় গতকাল আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন চট্টগ্রাম নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের পরিচালক খাদেমুল বাশার ও জ্যেষ্ঠ সহকারী প্রধান হাবিবুর রসুল।ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন সাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে এই মামলায় সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হলো। আদালত ২৫ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।কোকো বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামিনে মুক্তি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশে যান। তিনি এখনো বিদেশেই আছেন।অপর আসামি বিএনপির সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সাইমন পলাতক রয়েছেন। আসামিদের অনুপস্থিতিতে গত ৪ জানুয়ারি এ মামলার বিচারকাজ শুরু হয়।২০০৯ সালের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আবু সাইদ কাফরুল থানায় এ মামলা করেন।ফোরামের সংবাদ সম্মেলন: তারেক রহমান ও কোকোকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলনে ২০ এপ্রিল দেশের সব জেলা বার ইউনিটকে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফোরামের সভাপতি আইনজীবী রফিকুল ইসলাম মিয়া। সূচনা বক্তব্য দেন ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। এ সময় ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি জয়নুল আবেদীন, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, কায়সার কামাল, তৈমুর আলম খন্দকার, রাগিব রউফ চৌধুরী, জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও কোকোকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা স্পষ্টভাবে প্রমাণ করে, তারেক-কোকোকে রাজনৈতিকভাবে হেয় করতেই প্রধানমন্ত্রীর নির্দেশে এ মামলা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুসারে বিচারাধীন বিষয়ে জাতীয় সংসদেও আলোচনার সুযোগ নেই।