কোকোর মুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলে (সাময়িক) মুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। গত শনিবার কোকোর পক্ষে তাঁর আইনজীবী শর্ত না ভাঙার অঙ্গীকার করে মেয়াদ বাড়ানোর আবেদন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। গতকাল রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা কোকোর প্যারোলে মুক্তির মেয়াদ বৃদ্ধির আবেদন, চিকিত্সা সনদ জালিয়াতি, কোকোর পক্ষে দেওয়া নতুন সনদ ও এর আগে মেয়াদ না বাড়ানোর সরকারি সিদ্ধান্ত উদ্ধৃত করে একটি সারসংক্ষেপ নীতিগত সিদ্ধান্তের জন্য স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারের দপ্তরে পাঠিয়েছে।সূত্র বলছে, কোকো ভুল স্বীকার করে প্যারোলে মুক্তির মেয়াদ বাড়ানোর যে আবেদন করেছেন, তা বিবেচনা করার চিন্তাভাবনা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে যেহেতু বিষয়টির রাজনৈতিক গুরুত্ব আছে, তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এককভাবে সিদ্ধান্ত নিতে চাইছে না। সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করেই বিষয়টি চূড়ান্ত করা হবে। জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল প্রথম আলোকে জানান, কোকোর আবেদনটি তিনি এখনো দেখেননি। দেখে মেয়াদ বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে।সংশ্লিষ্ট সূত্র বলছে, কোকোর প্যারোলে মুক্তির মেয়াদ ১৪ আগস্ট শেষ হয়ে গেছে। তবে যেহেতু সরকার কোকোকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরতে বলেছে, সেহেতু তাঁর মুক্তির মেয়াদ আরও ১১ দিন বেড়ে গেছে। এদিকে গতকাল চীনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘কোকোর ব্যাপারে আদৌ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা আমি জানি না। তবে বিষয়টিকে আইনগত ও মানবিকভাবে বিবেচনা করা উচিত। কোনোভাবেই রাজনীতির দিকে ঠেলে দেওয়া কোনো পক্ষেরই ঠিক হবে না।’ তিনি আরও বলেন, কেউ কেউ একে রাজনীতির বিষয় করার চেষ্টা করছে। অনেকে এ বিষয়ে না জেনে মন্তব্য করে যাচ্ছে। কোকোর মুক্তির দাবিতে যুবদলের কর্মসূচি এবং তাতে পুলিশের সঙ্গে সংঘর্ষের বিষয়ে প্রশ্ন করা হলে সৈয়দ আশরাফ বলেন, বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখা উচিত হবে না। তবে কেউই আইনের ঊর্ধ্বে নয়। গত ১৯ আগস্ট ভুয়া চিকিত্সা সনদ ও মুক্তির শর্ত ভঙ্গের কারণে চিকিত্সার জন্য কোকোর সাময়িক মুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় থেকে কোকো থাইল্যান্ডে অবস্থান করছেন।