কোকোর রায়ের সঙ্গে সরকার সম্পৃক্ত নয়: দুদক
আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা অর্থ পাচার মামলার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আনিসুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে কোকোর বিরুদ্ধে করা অর্থ পাচার মামলায় নিম্ন আদালত রায় ঘোষণা করেন। এরপর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিজ কক্ষে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে আনিসুল হক এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।দুদকের এই আইনজীবী বলেন, মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) সিমেন্সের ঘুষ কেলেঙ্কারি তদন্ত করতে গিয়ে দেখে আরাফাত রহমান কোকো ঘুষ নিয়েছেন। এ বিষয়টি দুদককে জানানো হয়। দুদক বিষয়টি অনুসন্ধান করে। অভিযোগ তদন্তসহ এফআইআর করে। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। ‘এফবিআইয়ের পক্ষ থেকে মামলা করা হয়। এখানে বর্তমান সরকারের কী সম্পৃক্ততা থাকতে পারে আমি, বুঝতে পারছি না’ বলে মন্তব্য করেন তিনি।১/১১-এর সময়ে করা অবৈধ সম্পদ-সম্পর্কিত মামলাগুলো টেকেনি। এ মামলার ভবিষ্যৎ কী হবে, এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, অর্থ পাচার মামলা এবং সম্পদের মামলার মধ্যে পার্থক্য রয়েছে। বিদেশ থেকে তথ্যপ্রমাণ ও কাগজাদি আদালতে পেশ করা হয়েছে। আদালত তা যাচাই-বাছাই করে রায় দিয়েছেন। কোকো দেশের বাইরে থাকায় কীভাবে সাজা কার্যকর হবে, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, কোকো বর্তমানে যে দেশে রয়েছেন, সে দেশের সঙ্গে প্রত্যাবর্তন চুক্তি থাকলে সরকার তা কার্যকর করতে পারে।আরাফাত রহমান কোকোকে আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সময় দেওয়া হয়েছে। কিন্তু তিনি তা গ্রহণ করেননি বলেও মন্তব্য করেন আনিসুল হক।