কোকোর সাময়িক মুক্তির আদেশ আপিল বিভাগে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলে (সাময়িক) মুক্তির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকার পক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক ৩ অক্টোবর বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। গত ২৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ শর্ত সাক্ষেপে কোকার প্যারোলে মুক্তির মেয়াদ ৪০ দিন বাড়ায়। একই সঙ্গে তাঁর প্যারোল বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেন আদালত। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। হাইকোর্টের ওই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে গত রোববার আপিল বিভাগে আবেদন করে সরকার পক্ষ। আজ এ আবেদনের ওপর শুনানি হয়। শুনানিতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং কোকোর পক্ষে অংশ নেন মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন। প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের মে মাসে তাঁকে সাময়িক মুক্তি দিয়ে চিকিত্সার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়। এরপর দফায় দফায় মেয়াদ বড়ানো হয়। এ হিসেবে ১৪ আগস্ট তাঁর প্যারোলের মেয়াদ শেষ হয়। ১৯ আগস্ট কোকোর প্যারোল বাতিল করে তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়। এর বৈধ্যতা চ্যালেঞ্জ করে কোকোর পক্ষে রিটটি করা হয়।