কোকোর সিঙ্গাপুরে অর্থ পাচার মামলার শুনানি ১৫ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অর্থ পাচার করা ২০ কোটি ৮৬ লাখ টাকা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংকের আবেদনের শুনানি হয়নি আজ বুধবার। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আগামী ১৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন। আজ এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য থাকলেও আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির নতুন দিন ধার্য করেন আদালত।কোকোর পক্ষে সময়ের আবেদন করে বলা হয়, তিনি সরকারের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসাধীন। সরকার তাঁর সাময়িক মুক্তির মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। এ মামলায় মওদুদ আহমেদকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হাইকোর্টে ব্যস্ত থাকায় শুনানি স্থগিত রাখা প্রয়োজন।আদালত সূত্রে জানা যায়, কোকোর পাচার করা টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে অনুরোধ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত ২৯ জুন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর চিঠি দেন।এরপর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী ১২ জুলাই সিঙ্গাপুরে পাচার করা টাকা ফিরিয়ে আনার জন্য আরাফাত রহমানের নামে মানিলন্ডারিং আইনে আবেদন করেন। দুদক গত বছরের ১৭ মার্চ কোকো এবং বিগত চারদলীয় জোট সরকারের নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সায়মনকে আসামি করে অর্থ পাচারের ওই মামলা করে। দুদক তদন্ত করে গত ১২ নভেম্বর কোকো ও সায়মনের বিরুদ্ধে ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মানিলন্ডারিং আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দেয়।